News
যেসব সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত-এনসিপি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে মাঠ গোছাতে শুরু করেছে দেশের প্রধান বিরোধী শরিক জোটের জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচন কমিশন চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই তফসিল ঘোষণা করতে পারে। তার আগেই সম্ভাব্য প্রার্থী বাছাই ও আসনভিত্তিক হিসাব-নিকাশে ব্যস্ত হয়ে উঠেছে দল দুটি। এরই মধ্যে বেশিরভাগ সিটে প্রার্থী ঘোষণা করেছে জামায়াত। ছয়টি সিটে প্রার্থী চূড়ান্ত করেছে এনসিপি। অন্যদিকে ক্ষমতাসীন দল বিএনপি এখনো কোনো সিটে প্রার্থী চূড়ান্ত করেনি।
তবে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই প্রার্থী নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করছে জোটের শরিক দলগুলো। দলীয় প্রতীকে নির্বাচন না হলেও সিটি করপোরেশনগুলোতে সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের বাস্তব চিত্র যাচাই করতে চায় তিন দলই। ফলে নিজেদের পছন্দের প্রার্থী দেওয়ার বিষয়ে তৃণমূলেও তৈরি হয়েছে জোরালো চাপ। আর এ পরিস্থিতিতে জোটের শরিকদের মধ্যে আসন ভাগাভাগি ও প্রার্থী বাছাই নিয়ে মনোমালিন্যের আশঙ্কাও বাড়ছে।
জামায়াতের মনোনীত প্রার্থী হলেন যারা
ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলটির মহানগর উত্তর শাখার আমির সেলিম উদ্দিন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম), চট্টগ্রাম সিটি করপোরেশনে নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, গাজীপুর সিটি করপোরেশনে ড. মুহাম্মদ হাফিজুর রহমান, বরিশাল সিটি করপোরেশনে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল, রংপুর সিটি করপোরেশনে এটিএম আজম খান, ময়মনসিংহ সিটি করপোরেশনে কামরুল আহসান এমরুল, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে শিবিরের সাবেক সভাপতি আব্দুল জব্বার, সিলেট সিটি করপোরেশনে প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল।
খুলনা, বগুড়া ও কুমিল্লা সিটিতে প্রার্থী ঘোষণা করেনি জামায়াত ইসলাম। দলটির বিভিন্ন সূত্র থেকে জানা যায়, কুমিল্লা সিটি করপোরেশনে প্রার্থী হতে পারেন মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ। তবে কুমিল্লা সিটিতে মাস্টার মোসলেহ উদ্দিন ও ভিপি মজিবসহ আলোচনায় রয়েছেন বেশ কয়েকজন। বগুড়া সিটি করপোরেশনে জামায়াতের প্রার্থী হতে পারেন শহর আমির আবিদুর রহমান সোহেল, খুলনা সিটি করপোরেশনে প্রার্থী হতে পারেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
এবিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আমরা প্রাথমিকভাবে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছি। চূড়ান্ত প্রার্থী তালিকার জন্য যাচাই-বাছাই চলছে। যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে নাম ঘোষণা করা হবে।
প্রাথমিক তালিকায় থাকা এনসিপির প্রার্থীরা
ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, কুমিল্লা সিটি করপোরেশনে জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনে মহানগর এনসিপির আহ্বায়ক মো. মোবাশ্বের আলী, সিলেট সিটি করপোরেশনে মহানগর এনসিপির আহ্বায়ক আবদুর রহমান আফজাল, বরিশাল সিটি করপোরেশনে বরিশাল মহানগর কমিটির সদস্যসচিব এম আনোয়ার হোসেন সিকদার।
বাকি আসনগুলোতে প্রার্থী দেওয়ার বিষয়টি এখনো চূড়ান্ত করেনি দলটি। এবিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার দ্য ঢাকা ডায়েরিকে বলেন, যেসব আসনে প্রার্থী ঘোষণা হয়নি সেসব আসনে যাচাই-বাছাই চলছে। আমরা একটু সময় নিচ্ছি। সেসব আসনে প্রার্থী দলের সিদ্ধান্ত অনুযায়ী ঘোষণা করা হবে।
এদিকে, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচন কমিশন এখন স্থানীয় সরকার নির্বাচনের জন্য সার্বিকভাবে প্রস্তুত। নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের প্রথমার্ধ পর্যন্ত তাদের বার্ষিক পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। পরীক্ষাকে বিঘ্নিত না করে আগে-পরে দু’ভাবেই হতে পারে। যদি সম্ভব হয়, তাহলে পরীক্ষার আগেও হতে পারে। এ মাসের প্রথমার্ধে আমরা আশা রাখি যে, সুনির্দিষ্টভাবে বলতে পারব কোন ধাপে, কখন নির্বাচন হবে।
নির্বাচন সুষ্ঠু করতে চলতি মাসের শেষ সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েছে কমিশন। একই সঙ্গে এমপিওভুক্ত শিক্ষকদের পদে থেকে নির্বাচন করার ব্যাপারে অনড় কমিশন।
তিনি আরও বলেন, সবাই তো ভালো নির্বাচন চায়। নির্বাচন কমিশনও ভালো নির্বাচন চায়। সেই অর্থে যদি স্টেকহোল্ডারদের সঙ্গে বসা যায়, তাহলে ভালো রেজাল্ট আসবে। এই দৃষ্টিকোণ থেকেই আমরা চিন্তা করেছি যে, হয়তো মতবিনিময়—একটা আমাদের করার সম্ভাবনা আছে। এমপিওভুক্ত শিক্ষকরা কিন্তু সিংহভাগ নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তাদেরকে যদি নিরপেক্ষ রাখা যায়, তাহলে অনেকাংশে একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সহজ হয়ে যায়।
source: The Dhaka Diary