News
গণতন্ত্রের নামে ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী

গণতন্ত্রের নামে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে গালিগালাজ ও আপত্তিকর ভাষার ব্যবহার নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নের ইঙ্গিত দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। একই সঙ্গে মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, সেটিও নিশ্চিত করার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
আন্দালিব রহমান পার্থ বলেন, “আমরা ইদানীং ফেসবুক বলেন বা সব জায়গায় দেখছি- গণতন্ত্রের নামে গালিগালাজ, গালিগালাজের ভাষা বা যা যা হচ্ছে, এই জিনিসগুলোকে আমরা কীভাবে আইনের মধ্যে আনতে পারি, একই সময়ে আমরা কীভাবে এক্সপ্রেশন, মানে মিডিয়ার যে ফ্রিডম, সেটাকেও রেসপেক্ট করতে পারি- দুটির মধ্যে যেন কোনোভাবে কনফ্লিক্ট না হয়, এ ব্যাপারেই আমরা বারবার কথা বলার চেষ্টা করছি।”
আরও পড়ুন
তথ্যমন্ত্রী জানান, প্রস্তাবিত নতুন আইন কাউকে দমন বা তার কণ্ঠরোধ করার উদ্দেশ্যে করা হচ্ছে না। বিষয়টি এখনো খসড়া প্রণয়ন এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা পর্যায়ে রয়েছে। সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে এমনভাবে আইনের খসড়া তৈরির চেষ্টা চলছে, যাতে ভবিষ্যতে আইনটির অপব্যবহারের সুযোগ না থাকে।
সামাজিক সচেতনতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, “আমাদের সোশাল অ্যাওয়ারনেস খুব গুরুত্বপূর্ণ এই ব্যাপারগুলোতে। যেকোনো কনন্টেন্ট পেলেই শেয়ার করে দেওয়া, মানহানিকর বক্তব্য বা কোনো ব্যক্তির বিরুদ্ধে মানহানিকর তথ্য পুনরায় প্রচার- এটাও একটা মানহানিকর বিষয়। এই ব্যাপারগুলো জাতিকে বা মানুষকে বুঝানো, বলার ব্যাপারেও একটা প্রোগ্রাম নিব।”
তিনি মনে করেন, শুধু আইন প্রণয়ন করলেই অনলাইনভিত্তিক সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য মানুষের মধ্যে সামাজিক সচেতনতা এবং দায়িত্বশীল অনলাইন আচরণ সম্পর্কে ধারণা তৈরি করাও জরুরি।
এ বিষয়ে মন্ত্রী বলেন, “বিভিন্ন সেক্টরের যারা আছেন তাদের সঙ্গে কথা বলছি, যেন ড্রাফটটা এমনভাবে হয়, এটা দিয়ে ভবিষ্যতে এবিউজ করার কোনো কিছু না থাকে।”
source: The Dhaka Diary