ডেঙ্গু সচেতনতায় দেশজুড়ে প্রচারণা চালাবে বিএনপি

তৃণমূলের শূন্য পদ পূরণ করে সাংগঠনিক পুনর্গঠন এবং ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী জনসচেতনতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। পাশাপাশি দলটির সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া শূন্য আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়াও নির্ধারণ করেছে দলটি। আগামী ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় মনোনয়ন বোর্ডের (জাতীয় স্থায়ী কমিটি) সভায় সাক্ষাৎকার শেষে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব সিদ্ধান্তের কথা জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে সন্ধ্যা সোয়া ৭টার দিকে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, বৈঠকে মূলত দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সকালে প্রধানমন্ত্রী সারা দেশের জেলা-উপজেলা প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে ডেঙ্গু প্রতিরোধে যেসব নির্দেশনা দিয়েছেন, সেগুলো বাস্তবায়নের বিষয়ে জোর দেওয়া হয়েছে।
এর মধ্যে উপজেলা ও জেলা পর্যায়ের সব হাসপাতালে মশারি সরবরাহের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে এবং সাধারণ মানুষকে সচেতন করতে বিএনপির পক্ষ থেকে ঢাকা শহরের পাশাপাশি সারা দেশে প্রচারপত্র (লিফলেট) বিতরণ করা হবে বলেও জানান রিজভী।
তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে এসব প্রচারপত্র তৈরি করা হয়েছে। স্কুল, মাদ্রাসা ও হাটবাজারে যত্রতত্র আবর্জনা ফেলে যাতে মশার বংশবিস্তার না ঘটে, সেজন্য নির্দিষ্ট স্থানে ডাস্টবিন রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি গার্লস গাইড, স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের ডেঙ্গু সচেতনতায় কাজ করার জন্য দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
রেডিও, টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমেও বিএনপির পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হবে বলে জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব।
শূন্য পদ পূরণে সাংগঠনিক পুনর্গঠন
সাংগঠনিক পুনর্গঠনের বিষয়ে রিজভী বলেন, দলের বিভিন্ন পর্যায়ের কমিটিতে অনেকে মারা গেছেন বা বহিষ্কারের কারণে পদ শূন্য হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী এসব শূন্য পদে দ্রুত পদোন্নতি দিয়ে তা পূরণের বিষয়ে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
উপনির্বাচনে মনোনয়ন
বিএনপির সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া শূন্য আসনের উপনির্বাচন আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া নির্ধারণ করেছে বিএনপি।
রিজভী জানান, আগামী ১৫ সেপ্টেম্বর পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপ্রত্যাশীরা দলীয় ফরম সংগ্রহ করতে পারবেন। ১৬ সেপ্টেম্বর ওই ফরম জমা দিতে হবে। এরপর ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় দলের মনোনয়ন বোর্ডের (জাতীয় স্থায়ী কমিটি) সভা অনুষ্ঠিত হবে। সেখানে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়ার পর চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
source: Daily Amar Desh