বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধার করল পুলিশ

মায়ের অনুপস্থিতির সুযোগে ৪১ দিন বয়সী এক শিশুকে চুরি করে নিয়ে যান পরিচিত এক নারী। তবে ঘটনার পর সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে নোয়াখালীর সুবর্ণচর থেকে শিশুটিকে উদ্ধার করেছে চট্টগ্রাম কর্ণফুলী থানা-পুলিশ। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে অভিযুক্ত নারী পালিয়ে যাওয়ায় তাঁকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উদ্ধার হওয়া শিশুটিকে কর্ণফুলী থানায় নিয়ে আসা হয়। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে খবরটি নিশ্চিত করে পুলিশ।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, বৃহস্পতিবার রাতে কর্ণফুলী থানার এক বাসা থেকে শিশুটিকে নিয়ে কেটে পড়েন ওই নারী। তিনি ওই বাসার ভাড়াটিয়া ছিলেন এবং ভুক্তভোগী পরিবারের পূর্বপরিচিত হওয়ায় নিয়মিত সেখানে যাতায়াত করতেন। ঘটনার সময় শিশুটির মা তাঁর অপর দুই সন্তানের সাথে ওই নারীকে বাসায় রেখে কিছুক্ষণের জন্য বাজারে যান। বাজার থেকে ফিরে এসে সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। পরে ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তিনি নিশ্চিত হন যে ওই নারীই শিশুটিকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেছেন।
ঘটনার পরপরই পরিবারটি কর্ণফুলী থানা-পুলিশের আশ্রয় নেয়। অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের সম্ভাব্য অবস্থান চিহ্নিত করে। পরে পুলিশের একটি দল নোয়াখালীর সুবর্ণচরে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে সটকে পড়েন ওই নারী।
এবিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, ‘পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পরপরই আমরা তাৎক্ষণিক অভিযানে নামি। তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশুটির সঠিক অবস্থান শনাক্ত করে সুবর্ণচর থেকে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। চুরির সঙ্গে জড়িত নারীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
source: The Daily Campus