News

লিবিয়ার বন্দিশালা থেকে ফিরলেন ১৬৮ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি থাকা ১৬৮ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪ মিনিটে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ উদ্যোগে তাদের দেশে ফেরানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেরত আসা বাংলাদেশিদের সিংহভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। সেখানে অবস্থানকালে তাদের অনেকেই বিভিন্ন সময়ে অপহরণ ও অমানুষিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।

বিমানবন্দরে পৌঁছানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা ফেরত আসাদের অভ্যর্থনা জানান। মানবপাচার সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ফেরত আসা ব্যক্তিদের নিজেদের এই দুর্বিষহ অভিজ্ঞতা সমাজে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আইওএমের পক্ষ থেকে প্রত্যাবাসন করা প্রত্যেক নাগরিককে পথখরচ, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসাসেবা এবং প্রয়োজনভেদে সাময়িক বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে এখনও আটকে থাকা অন্য বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস ও আইওএম একসঙ্গে কাজ করে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

source: Asia Post

Leave a Reply

Back to top button