১ হাজার কাজের মধ্যে একটিকে ঘিরে নেতিবাচক সংবাদ চর্চার সমালোচনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি হলে ছারপোকা দমন ও পরিচ্ছন্নতা অভিযানে ৩২ লাখ টাকা ব্যয়ের বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ও অপপ্রচারমূলক’ বলে দাবি করা হয়েছে। মূল তথ্যের সঠিক ব্যাখ্যা না দিয়ে একপাক্ষিক ও ক্লিকবেইট শিরোনামে সংবাদ পরিবেশন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম এম আল মিনহাজ কাজের বিস্তারিত বিবরণ দিতে গিয়ে জানান, হলগুলোর আবাসন পরিস্থিতি বিবেচনায় পরিচ্ছন্নতা ও ছারপোকা দমনের জন্য পেশাদার ফার্মগুলোর সঙ্গে আলোচনা করা হয়েছিল। কোনো কোনো প্রতিষ্ঠান ৪৫ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত দর প্রস্তাব করলেও রিভিউ ও পারফরম্যান্স বিবেচনা করে ৩২ লাখ টাকায় কাজটির সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি আরও স্পষ্ট করেন, এই কর্মসূচির আওতায় ১৮টি হলের প্রতিটি কক্ষে সরেজমিনে গিয়ে ওষুধ দেওয়া ও পরিচ্ছন্নতার কাজ চালানো হয়েছে। ব্যাপক পরিসরে এই কাজ সম্পন্ন করার কারণেই এই পরিমাণ অর্থ ব্যয় হয়েছে, যা সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবেই সম্পন্ন করা হয়েছে।
তবে গণমাধ্যমের একাংশ ডাকসুর প্রায় এক হাজার উন্নয়নমূলক কাজের মধ্য থেকে কেবল এই একটি বিষয়কে কেন্দ্র করে নেতিবাচক ও কপি-পেস্ট প্রতিবেদন প্রকাশ করেছে বলে সমালোচনা করা হচ্ছে। অতীতে তথ্য যাচাই না করে একযোগে একই ধাঁচের সংবাদ প্রকাশের যে প্র প্রবণতা দেখা গিয়েছিল, বর্তমানের এই সংবাদ পরিবেশনাকেও সেই একই ‘হলুদ সাংবাদিকতা’র পুনরাবৃত্তি হিসেবে দেখা হচ্ছে।
source: Azadir Dak