১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখায় হামলা-আগুন

দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে ধারাবাহিক হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১০ নভেম্বর থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ব্যাংকটির অন্তত ৭২টি শাখা হামলার শিকার হয়েছে। এর মধ্যে গতকাল ভোরেই ২৯টি শাখায় হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। কোথাও পেট্রোলবোমা ও ককটেল নিক্ষেপ, কোথাও পেট্রোল-কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়েছে। এতে পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম। কয়েকটি শাখা থেকে মালামাল লুটের ঘটনাও ঘটেছে।
একটি আর্থিক প্রতিষ্ঠানের এতগুলো শাখায় ধারাবাহিক হামলার ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা, গ্রাহকদের আমানত এবং স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গ্রামীণ ব্যাংক সূত্রে জানা যায়, ১০ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত গাজীপুর, ফরিদপুর, শেরপুর, নরসিংদী, জামালপুর, যশোর, রাজশাহী, নেত্রকোনা, পাবনা, নারায়ণগঞ্জ, নওগাঁ, হবিগঞ্জ, মানিকগঞ্জ, ফেনী, ঝিনাইদহ, গাইবান্ধা, খুলনা, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, বগুড়া, নীলফামারী, দিনাজপুর, চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, শেরপুর, পাবনা, কিশোরগঞ্জ, সিলেট, টাঙ্গাইল, পটুয়াখালী, চট্টগ্রামসহ বিভিন্ন জেলার শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের উপবিভাগীয় প্রধান রকিবুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোররাতে একযোগে ব্যাংকের ২৯টি শাখায় হামলা চালায় অজ্ঞাত দুর্বৃত্তরা। অধিকাংশ ক্ষেত্রে মোটরসাইকেল বা ভ্যানে এসে শাখাগুলোতে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। কোথাও জানালার কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ও ফাইলে আগুন ধরিয়ে দেওয়া হয়। কোথাও সাইনবোর্ডে আগুন দেওয়া হয়। আবার কোথাও পিকআপ ভ্যানে এসে কার্যালয়ের সামনে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।
source: Daily Amar Desh