News

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১)-এ জলবায়ু অভিযোজন, স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্ব, জলবায়ু ন্যায়বিচার এবং আগাম দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত বিভিন্ন অধিবেশনে সক্রিয়ভাবে অংশ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। সম্মেলনে সংস্থাটি স্থানীয় পর্যায়ে জলবায়ু অর্থায়ন পৌঁছানো, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং দুর্যোগের আগেই সহায়তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে।

বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিনিধিদলের সঙ্গে সম্পৃক্ত হয়ে ইএসডিওর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মো. শহীদ উজ জামান সম্মেলনের বিভিন্ন আন্তর্জাতিক অধিবেশন, গবেষণা উপস্থাপনা ও নীতিনির্ধারণী আলোচনায় অংশ নেন।

গত ১৩ নভেম্বর বাংলাদেশ প্যাভিলিয়নে ইএসডিওর উদ্যোগে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি, স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্ব এবং অভিযোজন অর্থায়ন নিয়ে ৯০ মিনিটের একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম।

ড. মো. শহীদ উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মো. মশিউর রহমান এবং সঞ্চালনা করেন ড. ফজলে রাব্বী সাদেক আহমেদ। প্যানেল আলোচক হিসেবে অংশ নেন সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের (এসডিসি) শিরিন লিরা, স্টার্ট নেটওয়ার্কের ইরা পারেদেস এবং সিএএলএল (CALL) কর্মসূচির ফারহানা আফরোজ।

অধিবেশনে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতি (নন-ইকোনমিক লস অ্যান্ড ড্যামেজ)—যেমন মানুষের সংস্কৃতি, ঐতিহ্য, সামাজিক সম্পর্ক, মর্যাদা ও মানসিক নিরাপত্তার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে এডিএএমএস (ADAMS) ও সহযোগীদের প্রস্তুত করা একটি নীতিসংক্ষিপ্ত প্রকাশের উদ্যোগও তুলে ধরা হয়।

এদিকে, গত ১৪ নভেম্বর ই৪সিএ (E4CA) আয়োজিত ‘কমিউনিটি-লেড অ্যাডাপটেশন অ্যান্ড ক্লাইমেট জাস্টিস’ শীর্ষক আন্তর্জাতিক অধিবেশনে মডারেটর ও গবেষণা উপস্থাপক হিসেবে অংশ নেন ড. মো. শহীদ উজ জামান। তাঁর গবেষণার শিরোনাম ছিল ‘ফ্রম ভালনারেবিলিটি টু এজেন্সি: এভিডেন্স-বেইজড পাথওয়েজ ফর জেন্ডার-রেসপনসিভ ক্লাইমেট রেজিলিয়েন্স ইন ফ্লাড-প্রোন বাংলাদেশ’। গবেষণাটিতে বাংলাদেশের বন্যাপ্রবণ এলাকার নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর ভূমিকা, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সামাজিক সক্ষমতা এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে অভিযোজন কার্যক্রমের দিকগুলো তুলে ধরা হয়। গবেষণাটির সহলেখক ইকো কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার।

সম্মেলনে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনায় আগাম পদক্ষেপ গ্রহণে এনজিও ও ক্ষুদ্রঋণভিত্তিক অর্থায়ন ব্যবস্থার বিষয়টি জোরালোভাবে তুলে ধরে ইএসডিও। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) অনুমোদিত ‘অ্যান্টিসিপেটরি অ্যাকশন পুলড ফান্ড’-এর মাধ্যমে দুর্যোগ আঘাত হানার আগেই স্থানীয় প্রতিষ্ঠানের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগের কথা জানানো হয়। এছাড়া স্টার্ট নেটওয়ার্ক বাংলাদেশের হাবের চেয়ারম্যান হিসেবে ড. শহীদ উজ জামান স্থানীয় মানবিক সহায়তা সংস্থাগুলোর নেতৃত্ব ও অর্থায়নের বিকেন্দ্রীকরণের ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলন চলাকালে গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ), জাতিসংঘের জলবায়ু পরিবর্তন প্রক্রিয়া ও স্টার্ট নেটওয়ার্কসহ বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী, গবেষণা প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে ইএসডিও।

উল্লেখ্য, ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত ইএসডিও দারিদ্র্য বিমোচন, জলবায়ু সহনশীল কৃষি, পানি ও স্যানিটেশন, নারী ক্ষমতায়ন, শিক্ষা, সামাজিক সুরক্ষা এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস নিয়ে সুনামের সঙ্গে কাজ করে আসছে।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button