News
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী ৩৫ জন

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফরে সফরসঙ্গী হিসেবে থাকছেন ৩৫ জন। রবিবার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
পররাষ্ট্র সচিব জানান, প্রধানমন্ত্রী আগামী ২৪ সেপ্টেম্বর বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন। ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা, আইনের শাসন ও জবাবদিহিতা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, আধুনিক প্রযুক্তির ন্যায়সংগত ব্যবহার এবং বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কারের বিষয়গুলো তুলে ধরবেন।
নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন ৩৫ জন। তাদের মধ্যে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত রয়েছেন।
এ ছাড়া প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে দুই রাজনৈতিক দলের নেতাও নিউইয়র্ক যাচ্ছেন। তারা হলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন।
আরও পড়ুন
সফরসূচি সম্পর্কে পররাষ্ট্র সচিব বলেন, “কার্যকর সফরের জন্য যতটুকু সময় প্রয়োজন, ততদিনই প্রধানমন্ত্রী নিউইয়র্কে থাকবেন। সফরকালে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা ও সুশাসন প্রতিষ্ঠা, রোহিঙ্গা সংকটের সমাধানসহ বিভিন্ন বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন তিনি। পাশাপাশি বাংলাদেশ দুটি সাইডলাইন ইভেন্টের আয়োজন করেছে।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, “বহুপক্ষীয় সফরের কর্মসূচিতে অনেক সময় বিভিন্ন বিষয় যোগ-বিয়োগ হতে পারে।”
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য এটি জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম ভাষণ। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একই অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করছেন। পররাষ্ট্র সচিব এটিকে বাংলাদেশের জন্য বিরল ও ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, “বর্তমান সরকারের জন্য জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক মঞ্চে এটিই প্রথম অংশগ্রহণ। এর মধ্য দিয়ে বিশ্ববাসীর সামনে নতুন সরকারের রাজনৈতিক অঙ্গীকার ও ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তুলে ধরার সুযোগ তৈরি হবে।”
নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচি ২২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে। সফর শেষে আগামী ২৫ সেপ্টেম্বর রাতে তার দেশের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।
source: The Dhaka Diary