News

মিরপুরে বাড়ি দখলের মামলা, প্রথমবারের মতো তদন্তে এসআরবি

এসআরবির লোগো© সংগৃহীত
রাজধানীর মিরপুরে বাড়ি দখল, মারধর, ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগে তিনজনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে।
 
রবিবার (২০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মো. মিজানুর রহমান ওরফে বাচ্চু বাদী হয়ে মামলার আবেদন করেন। শুনানি শেষে আদালত অভিযোগটি আমলে নিয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নকে (এসআরবি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
 
মামলার আসামিরা হলেন—হেমায়েত উদ্দিন সুমন, মো. নাজমুল হোসেন ও মুন্নী আক্তার মিষ্টি।
 
আদালতের আদেশে বলা হয়েছে, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইনে মাদক, সাইবার অপরাধ, ভূমি ও ভূমিদস্যুতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষমতা দেওয়া হয়েছে। মামলাটি ভূমি-সংক্রান্ত হওয়ায় এসআরবি আইন অনুযায়ী মহাপরিচালককে ফৌজদারি অপরাধ তদন্তের নির্দেশ দেওয়া যেতে পারে। এ কারণে আইনের ১৫(২) ধারা অনুযায়ী এসআরবির ইউনিটে কর্মরত পুলিশের উপপরিদর্শক পদমর্যাদার নিচে নয়—এমন কোনো সদস্যকে দিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
 
মামলার বিবরণে বলা হয়েছে, মিরপুর হাউজিং এস্টেটের অন্তর্ভুক্ত জমিতে নির্মিত বহুতল ভবনের মালিক ইউনুস আলী ও রুমা আক্তার সপরিবারে কানাডায় অবস্থান করছেন। তাদের চাচা বাদী মিজানুর রহমান বাংলাদেশে থাকা তাদের সব স্থাবর সম্পত্তি দেখাশোনা, রক্ষণাবেক্ষণ ও অন্যান্য দায়িত্ব পালন করে আসছেন।
 
বাদীর অভিযোগ, আসামি হেমায়েত উদ্দিন সুমন, মো. নাজমুল হোসেন ও মুন্নী আক্তার মিষ্টি মালিকদের অনুপস্থিতির সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে বাড়িটি দখল ও আত্মসাতের চেষ্টা করে আসছেন।
 
আরও পড়ুন
 
অভিযোগে আরও বলা হয়, এর ধারাবাহিকতায় হেমায়েত উদ্দিনের নেতৃত্বে ২০২৫ সালের ১৬ জুলাই আসামিরা জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে দখলের চেষ্টা করেন। এ সময় বাধা দিলে তারা প্রাণনাশের হুমকি দেন। একপর্যায়ে হেমায়েত উদ্দিন বাদী মিজানুর রহমানের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
 
অভিযোগে বলা হয়েছে, চাঁদার টাকা দিতে অস্বীকার করলে আসামিরা বাড়িতে ঢুকে ভাঙচুর করেন এবং সেখান থেকে দুই লাখ টাকা নিয়ে যান।
 
আদালত অভিযোগটি আমলে নিয়ে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য এসআরবিকে নির্দেশ দিয়েছেন।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button