News

পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

যান্ত্রিক ত্রুটির কারণে আট দিন বন্ধ থাকার পর বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন পুনরায় শুরু হয়েছে। ফলে কেন্দ্রটির দুটি ইউনিটই এখন সচল রয়েছে এবং চাহিদা অনুযায়ী জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে যাচ্ছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে দ্বিতীয় ইউনিটে পুনরায় উৎপাদন শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম। তিনি জানান, যান্ত্রিক ত্রুটি দ্রুত সমাধান করে কেন্দ্রটিকে উৎপাদনে ফেরানো হয়েছে এবং বর্তমানে দুটি ইউনিট চালুর পাশাপাশি কেন্দ্রে পর্যাপ্ত কয়লা মজুদ রয়েছে।

বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১১টার দিকে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দিলে দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর টানা আট দিন মেইনটেন্যান্স ও মেরামতের কাজ শেষে আজ দুপুরে ইউনিটটি চালুর পর প্রাথমিকভাবে ৩৬৮ দশমিক ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, যা পর্যায়ক্রমে আরও বাড়ানো হবে।

বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার এই ‘মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট’-এর প্রথম ইউনিট ২০২২ সালের ডিসেম্বরে এবং দ্বিতীয় ইউনিট ২০২৩ সালের অক্টোবরে চালু হয়। স্বাভাবিক অবস্থায় দুটি ইউনিট থেকে দৈনিক ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button