সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জামে সজ্জিত করার সুপারিশ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি মো. আশরাফ উদ্দিন এমপির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বৈঠকে কমিটির সদস্য ও জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এমপি, এস এম জিলানী এমপি, আব্দুস সালাম আজাদ এমপি, রেজা আহাম্মেদ এমপি, লুৎফুর রহমান এমপি এবং লে. কর্নেল (অব.) মো. আব্দুল বাতেন এমপি অংশগ্রহণ করেন।
কমিটির সদস্যদের সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থাসমূহের প্রধানদের পরিচিতি ও কার্যক্রম নিয়ে প্রাথমিক পর্যালোচনা অনুষ্ঠিত হয়। কমিটির সদস্যরা জনগণের পক্ষে বাংলাদেশ সশস্ত্র বাহিনী কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এরপর স্থায়ী কমিটির সভাপতি মো. আশরাফ উদ্দিন তার বক্তব্যে বলেন, স্বাধীনতার পর সশস্ত্র বাহিনীর পুনর্গঠন, শৃঙ্খলা ও সক্ষমতা বৃদ্ধি, প্রতিরক্ষা নীতির উন্নয়ন এবং আধুনিকায়নের ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গৌরবময় ভূমিকা রয়েছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় রাখতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন, কলেবর বৃদ্ধি, আধুনিকায়ন ও প্রশিক্ষণের উন্নয়নসহ আধুনিক, দক্ষ ও সময়োপযোগী শক্তিতে রূপান্তরের লক্ষ্যে কী কী পদক্ষেপ নিয়েছেন, সেসব তিনি তুলে ধরেন।
বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা ২৫টি দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে পরিচিতি এবং তাদের কার্যক্রম সম্পর্কে প্রাথমিক পর্যালোচনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর আধুনিকায়ন কার্যক্রম সম্পর্কে সংক্ষেপে কমিটিতে উপস্থাপন করা হয়।
কমিটির পক্ষ থেকে মান্ধাতার আমলের মেশিনারিজ থেকে বেরিয়ে এসে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জামে সজ্জিত করার সুপারিশ করা হয়। এছাড়াও সেনাবাহিনী কর্তৃক নির্মাণাধীন অবকাঠামোগুলোতে সেভ এনার্জি নিশ্চিত করে সেভ মানি পরিকল্পনা তুলে ধরা হয়। বৈঠকে সশস্ত্র বাহিনীতে মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পদায়ন নিশ্চিত করার সুপারিশ করা হয়।
এছাড়াও একটি আধুনিক ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে সশস্ত্র বাহিনীর তাৎপর্যপূর্ণ ভূমিকা প্রত্যাশা করা হয়। বৈঠকে বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এআরবি
source: Daily Amar Desh