News
জুলাই সংরক্ষণে কাজ করা প্লাটফর্মগুলোকে ফান্ডিংয়ের পরিকল্পনা নিয়েছিলাম, জানি না এখন কী অবস্থা: ফারুকী

জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর ৫ আগস্টের পর জুলাইয়ের নিয়ে গড়ে ওঠা বিভিন্ন প্ল্যাটফর্মের কার্যক্রম চালিয়ে নিতে জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
তিনি বলছেন, ‘জুলাইয়ের সব প্ল্যাটফর্মকে জুলাই মিউজিয়ামের পক্ষ থেকে নিয়মিত একটা ফান্ড দেওয়া। এই জন্যই জাদুঘর আইনে এই জিনিসটা অন্তর্ভুক্ত করি। কারণ এদের কাজ আসলে জুলাই মিউজিয়ামের কাজকেই কমপ্লিমেন্ট করে। জানি না এখন সেই পরিকল্পনার কী অবস্থা। তবে শো মাস্ট গো অন।’
গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ফেসবুক পোস্টে মোস্তফা সরয়ার ফারুকী লেখেন, “জুলাইয়ের অলিগার্ক নাই, জুলাইয়ের আছেন আপনি। জুলাইয়ের পরে আমাদের অনেকগুলো প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। এবং এগুলো নানাভাবে কাজ করে যাচ্ছে জুলাই রেকর্ড সংরক্ষণে। এঁরা বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর, এঁরাই আমাদের ভ্যানগার্ড।”
আরও পড়ুন
তিনি বলেন, “এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে জুলাই রেভলুশনারি অ্যালায়েন্স। আরও আছে জুলাই ম্যাসাকার আর্কাইভ, জুলাই রেকর্ডস, টেলস অব জুলাই, উইন্ডস অব জুলাই, রেড জুলাই, ৩৬ জুলাই, জুলাই আর্কাইভসহ অনেকগুলো গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সরকারে থাকা অবস্থায় পরিকল্পনা করেছিলাম, এরকম সব প্ল্যাটফর্মকে জুলাই মিউজিয়ামের পক্ষ থেকে নিয়মিত একটা ফান্ড দেওয়া।”
তিনি আরও বলেন, “এই জন্যই জাদুঘর আইনে এই জিনিসটা অন্তর্ভুক্ত করি। কারণ এদের কাজ আসলে জুলাই মিউজিয়ামের কাজকেই কমপ্লিমেন্ট করে। জানি না এখন সেই পরিকল্পনার কী অবস্থা। তবে শো মাস্ট গো অন।”
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “যেহেতু জুলাইয়ের পেছনে অলিগার্কদের ফান্ড থাকবে না, ফলে জুলাই রেভলুশনারি অ্যালায়েন্স, জুলাই রেকর্ডস তাদের কাজ চালাতে জনতার কাছেই অর্থ সাহায্যের জন্য এসেছে। জনতার জুলাই, জনতার ফান্ডই সাউন্ডস পারফেক্ট। ওদের খুব বেশি টাকাও যে দরকার তা নয়। আপনারা যারা আগ্রহী, কমেন্টে বিস্তারিত দেখে ওদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।”
প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে দেশব্যাপী বিক্ষোভ-সংঘাতের পর ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর জুলাইয়ের আন্দোলন ও সংশ্লিষ্ট ঘটনাবলির স্মৃতি, নথি, ছবি ও ভিডিও সংরক্ষণে জুলাই রেভলুশনারি অ্যালায়েন্স, জুলাই ম্যাসাকার আর্কাইভ, জুলাই রেকর্ডস, টেলস অব জুলাই, উইন্ডস অব জুলাই, রেড জুলাই, ৩৬ জুলাই ও জুলাই আর্কাইভসহ বিভিন্ন প্ল্যাটফর্ম গড়ে ওঠে।
source: The Dhaka Diary