গঙ্গা চুক্তি নিয়ে বাংলাদেশের স্বার্থই হবে সরকারের সিদ্ধান্তের ভিত্তি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশ তার জাতীয় স্বার্থ ও নিরাপত্তার সর্বোত্তম সুরক্ষা নিশ্চিত করেই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর সমাপনী দিনে বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
হুমায়ুন কবিরবলেন, বাংলাদেশের স্বার্থের জন্য যা সবচেয়ে ভালো, সেটিই করা হবে। বাংলাদেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তার জন্য যা সবচেয়ে ভালো, তা নিশ্চিত করতে আমরা কাজ করব।
ভবিষ্যৎ ব্যবস্থায় কোনো গ্যারান্টি ধারা অন্তর্ভুক্ত করা হবে কি না- এমন প্রশ্নেরও নির্দিষ্ট কোনো সূত্র দেননি প্রতিমন্ত্রী। তিনি আবারও বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান নির্ধারণে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তাই প্রাধান্য পাবে।
বাংলাদেশ-ভারত সংলাপের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী বলেন, সরকারি পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। উচ্চপর্যায়ের সংলাপ কোনো সফর অনুষ্ঠিত হওয়ার ওপর নির্ভর করবে। এর আগে সরকারি পর্যায়ের আলোচনার মাধ্যমে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। উচ্চপর্যায়ের সফর হলে উচ্চপর্যায়ের সংলাপ হবে। অন্যথায় সরকারি পর্যায়ের আলোচনার মাধ্যমে আগে একটি অনুকূল পরিবেশ তৈরি করতে হবে।
হুমায়ুন কবির বলেন, দ্বিপক্ষীয় সংলাপ এগিয়ে চলছে। তবে এ ধরনের প্রক্রিয়া রাতারাতি সম্পন্ন করা যায় না কিংবা হঠাৎ একটি তারিখ নির্ধারণ করেও এগিয়ে নেওয়া সম্ভব নয়।
তিনি আরও বলেন, আলোচনা চলছে। কিন্তু হঠাৎ করে একটি তারিখ নির্ধারণ করে রাতারাতি এটি করা সম্ভব নয়।
source: The Dhaka Diary