News
পূজার ছুটি টানা পাঁচ দিন, ১৭ অক্টোবর সরকারি অফিস খোলা

আসন্ন দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি নিশ্চিত করতে ১৭ অক্টোবর শনিবারকে কর্মদিবস ঘোষণা করেছে সরকার। ফলে ওই দিন সরকারি অফিস-আদালতের কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।
সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর বৃহস্পতিবার অতিরিক্ত এক দিনের সরকারি ছুটি অনুমোদন করা হয়েছে। নির্ধারিত পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে অতিরিক্ত এই ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিনের অবকাশ পাবেন।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীর ছুটি রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবরের অতিরিক্ত ছুটি এবং পরবর্তী দুই দিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি হবে।
তবে এই বাড়তি ছুটির সমন্বয়ে ১৭ অক্টোবর শনিবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে। ওই দিন অন্যান্য কর্মদিবসের মতোই সরকারি অফিস-আদালতের কার্যক্রম চলবে।
এদিকে ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে এ বছরের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।
source: The Dhaka Diary