News

‘লুঙ্গির নিচে ছিল বীর, ইসলামী ছাত্রশিবির’-চবিতে ছাত্রদলের স্লোগান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর শিবির-সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত কার্যনির্বাহী সদস্য আকাশ দাশের শপথ গ্রহণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে সোহরাওয়ার্দী হল প্রদক্ষিণ করে আবার জিরো পয়েন্ট এলাকায় এসে মিছিলটি শেষ হয়।

এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা ‘একাত্তরের দোসররা হুঁশিয়ার সাবধান’, ‘ধর্ষণকারীদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘একাত্তরের দোসর যারা, আকাশ দাশের সমর্থক তারা’, ‘বীর বীর করিস না, পিঠের চামড়া থাকবে না’, ‘লুঙ্গির নিচে ছিল বীর, ইসলামী ছাত্রশিবির’সহ বিভিন্ন স্লোগান দেন।

চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা নির্বাচনের আগে বড় বড় প্রতিশ্রুতি দিলেও চট্টগ্রামের শিক্ষার্থীদের মৌলিক সমস্যার সিকিভাগও পূরণ করতে পারেনি। চাকসুর পদকে নিজেদের জাহির করা এবং বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে নিজেদের নেতাদের প্রমোট করার জন্য তারা ক্যাম্পাসে রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের কাঠগড়ায় দাঁড় করানোর কথা থাকলেও বিতর্কিত ও সহিংসতার সঙ্গে জড়িত আকাশ দাশকে শপথ পাঠ করানো হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জাজনক। ছাত্রদল দীর্ঘদিন ধরে শুধু টেন্ডারবাজি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত বলেও অভিযোগ করেন তিনি।

চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও বিতর্কিত কর্মকাণ্ডের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য আকাশ দাশ অতীতে শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত থাকার পরও সম্প্রতি তাকে শপথ পাঠ করানো হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, চাকসু নির্বাচনে জয়ী হওয়ার পর নেতৃবৃন্দ শিক্ষার্থীদের মৌলিক সমস্যাগুলোর কোনো সমাধান করতে পারেননি। হলের উন্নয়ন ও নবীন বরণ অনুষ্ঠানের নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

পরিশেষে জামায়াত-শিবিরের অতীত ইতিহাস এবং ধর্ষণের মতো অপরাধের সঙ্গে জড়িতদের যারা সমর্থন ও পুনর্বাসন করছে, সাধারণ শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবে বলে জানান তিনি।

চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) ও সংশ্লিষ্ট নেতাকর্মীদের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, একটি নির্দিষ্ট সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অতীতে বিভিন্ন সহিংসতার সঙ্গে জড়িত ছিল এবং অপরাধ প্রমাণিত হওয়ার পরই কেবল তারা তা অস্বীকার করে।

তিনি আরও বলেন, অপরাধ ও সহিংসতার সঙ্গে যুক্ত থাকার পরও অনেককে চাকসুর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে স্থান দেওয়া হয়েছে, যা চাকসুর ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে বিবেচিত হবে। যারা আইন ও চাকসুর নিয়ম-নীতি মেনে ক্যাম্পাস পরিচালনার কথা বলত, তাদের সময়ে ক্যাম্পাসের কোনো হলে নির্মাণকাজ বা উন্নয়নমূলক সংস্কারের ভিত্তিপ্রস্তর পর্যন্ত দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য চাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে লড়ে জয়ী হন আকাশ দাশ। তবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মন্তব্যের জেরে তীব্র সমালোচনার মুখে শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত হননি আকাশ দাশ। পরে বিষয়টি খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি তাদের তদন্ত প্রতিবেদন চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি জমা দেয়। এদিকে, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিনের ২১তম সভায় আকাশ দাশকে ক্ষমা করার সিদ্বান্ত গ্রহণ করা হয়। এ সিদ্ধনের পর আজ শপথ গ্রহন করছেন আকাশ দাশ।

source: Barta Bazar

Leave a Reply

Back to top button