News

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির একজন শিক্ষক, অন্যজনের বাড়ি বগুড়ায়

বাঁয়ে নাসরুল্লাহ বদরপুরি ও ডানে মো. শাহেদ আহম্মেদ© ঢাকা ডায়েরি সম্পাদিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের পরিচয় জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নিহত মাও. মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরি। তার বাড়ি কুমিল্লায়। তিনি ঢাকার একটি মাদ্রাসার শিক্ষক। অন্য নিহত মো. শাহেদ আহম্মেদের বাড়ি বগুড়ায়। 

রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ভোর আনুমানিক ৩টা ২০ মিনিটে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩-এর ওপর একটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে। এ সময় বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রীরা সেখানে অপেক্ষা করছিলেন। এ ঘটনায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন—বগুড়া জেলার শাহজাহানপুর থানার মাদলা গ্রামের (ডাকঘর: মাদলা) বাসিন্দা মো. শাহেদ আহম্মেদ এবং কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বদরপুর গ্রামের (ডাকঘর: ঢালুয়া) বাসিন্দা মো. নাসরুল্লাহ বদরপুরি।

জানা যায়, ওমরা পালন করতে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত জামিয়া আরাবিয়া রাবিউল উলুম মাদ্রাসা থেকে আল মক্কা ট্রাভেলসের মাধ্যমে ৪৫ জনের একটি দল সৌদি আরবে গিয়েছিল। তাদের মধ্যে কয়েকজন মক্কায় পৌঁছেছেন। বাকিরা রিয়াদ থেকে মক্কায় যাওয়ার জন্য বোর্ডিং পাস সংগ্রহ করতে বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। এ সময়ই হামলার ঘটনা ঘটে। হামলায় ওই দলের প্রায় ৯ জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের হাত-পায়ে গুরুতর জখম হয়েছে। এমনকি একজনের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত ব্যক্তিরা রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের একজন ছিলেন মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরি। অন্যজন ছিলেন একজন প্রবাসী। 

এর আগে, শনিবার ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি বিমানবন্দরে হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০৯ জন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন বাংলাদেশি রয়েছেন।

রবিবার (১১ অক্টোবর) ভোরে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) এক বিবৃতিতে হামলার তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, শনিবার রাতে চালানো হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে সৌদি আরবের চারজন নাগরিক, বাংলাদেশের দুজন, যুক্তরাষ্ট্রের একজন, মিসরের একজন, জর্ডানের একজন, সিরিয়ার একজন, ফিলিস্তিনের একজন এবং সুদানের একজন রয়েছেন। হামলার পর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button