News

বাংলাদেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় জাপান

বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে প্রাথমিকভাবে ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন জাপানি বিনিয়োগকারীরা। বিনিয়োগ প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সরকার। পাশাপাশি জাপানি বিনিয়োগকারীদের দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্র পরিদর্শনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।

রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাপানি বিনিয়োগকারী প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এই ঘোষণা দেওয়া হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশ পর্যটনের অপার সম্ভাবনাময় একটি দেশ। এ দেশের প্রকৃতি, ঐতিহ্য ও সংস্কৃতি পর্যটকদের আকৃষ্ট করার মতো বৈচিত্র্যময় সম্পদে ভরপুর। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার এবং সিলেটের চা-বাগানসহ দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রকে আন্তর্জাতিক পর্যায়ে আরও আকর্ষণীয় করে তোলার সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের পর্যটন খাতে বিদেশি বিনিয়োগকে সবসময় স্বাগত জানায়। এ খাতের টেকসই উন্নয়ন ও বিকাশে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে আগ্রহী সরকার।

জাপানের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে পর্যটনমন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে জাপান দীর্ঘদিন ধরে বিশ্বস্ত বন্ধু হিসেবে সহযোগিতা করে আসছে। বাংলাদেশের পর্যটন খাতের বিকাশেও জাপানি বিনিয়োগকারীদের সহযোগিতাকে সরকার অত্যন্ত ইতিবাচকভাবে দেখছে।

বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে সরকার পারস্পরিক লাভজনক অংশীদারত্ব চায় উল্লেখ করে মন্ত্রী বলেন, এ লক্ষ্যে সরকার সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মডেলে কাজ করতে আগ্রহী।

সভায় জাপানি বিনিয়োগকারী প্রতিনিধিরা বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে তাঁদের আন্তরিকতার কথা জানান এবং দেশের পর্যটন খাতের উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রস্তুতি ব্যক্ত করেন। এ সময় তাঁরা পর্যটন ও আতিথেয়তা খাতে প্রাথমিকভাবে ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

বিনিয়োগকারীদের এই আগ্রহকে সাধুবাদ জানিয়ে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশে বিনিয়োগে জাপানি বিনিয়োগকারীদের এই আগ্রহকে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে স্বাগত জানাই। তাঁদের বিনিয়োগ প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জমা হওয়া মাত্রই সরকার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি জানান, জাপানি বিনিয়োগকারীদের দেশের প্রধান পর্যটনকেন্দ্রগুলো পরিদর্শনের জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ড দ্রুত প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। এর মাধ্যমে দেশের পর্যটন খাতে সম্ভাব্য বিনিয়োগের ক্ষেত্রগুলো চিহ্নিত করা এবং অর্থনৈতিক উন্নয়নের নতুন সুযোগ তৈরির পথ আরও সুগম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button