মাঝ আকাশে দরজা খুলে যাওয়া ভারতীয় এয়ার এম্বুলেন্সের রোগীকে ঢাকায় মৃত ঘোষণা

মাঝআকাশে যান্ত্রিক ত্রুটির কারণে বিপাকে পড়ে ঢাকায় জরুরি অবতরণ করেছে ভারতের একটি এয়ার অ্যাম্বুলেন্স। উড়োজাহাজটির কেবিনের চাপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় সমস্যা দেখা দেওয়ার পর প্রধান দরজা আংশিক খুলে যায়। পরে নিরাপদে অবতরণ করলেও উড়োজাহাজে থাকা অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক।
সোমবার (১৯ অক্টোবর) ভারতের আগরতলা থেকে কলকাতায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ভারতীয় সময় দুপুর ১টা ৫ মিনিটে আগরতলা থেকে যাত্রা শুরু করে এয়ার অ্যাম্বুলেন্সটি। প্রায় ১২ হাজার ফুট উচ্চতায় থাকার সময় কেবিনের চাপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটি দেখা দেয়। এতে উড়োজাহাজটির প্রধান দরজা ক্ষতিগ্রস্ত হয়ে আংশিক খুলে যায়।
এ অবস্থায় পাইলট জরুরি অবস্থা ঘোষণা করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ করেন। পরিস্থিতি মোকাবিলায় বিমানবন্দর কর্তৃপক্ষ আগেই উদ্ধারকারী দল, অগ্নিনির্বাপণ যান, অ্যাম্বুলেন্স ও চিকিৎসকদের প্রস্তুত রাখে।
পরে স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। উড়োজাহাজের অন্য আরোহী ও ক্রুরা নিরাপদে থাকলেও অসুস্থ রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাঁকে দ্রুত কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র রিয়াজ উদ্দিন জানান, সাত আসনের এয়ার অ্যাম্বুলেন্সটিতে রোগী ছাড়াও দুজন ক্রু, একজন চিকিৎসক, একজন প্যারামেডিক ও রোগীর দুই স্বজন ছিলেন।
বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্যে আরও বলা হয়েছে, উড়োজাহাজটি ‘বিচক্র্যাফট কিং এয়ার’ মডেলের। ১৯৯৪ সালে তৈরি এই উড়োজাহাজটি একসময় ভারতের হরিয়ানা রাজ্য সরকারের মালিকানায় ছিল। পরে এটি ‘ঝংকার এভিয়েশন’-এর অধীনে যায়। সর্বশেষ উড়োজাহাজটি পরিচালনা করছিল ‘এসকেবি ইন্ট্রাকন’।
source: The Dhaka Diary