ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পরিচয়ে বিধবার কানের দুল নিয়ে উধাও

ভোলার দৌলতখানে ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে মরিয়ম বেগম (৫৫) নামে এক বিধবা নারীর কানের সোনার দুল নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে দৌলতখান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাজি বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মরিয়ম বেগম ওই এলাকার মৃত নাছির সাজির স্ত্রী।
ভুক্তভোগীর অভিযোগ, সোমবার দুপুরে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি তাঁর বাড়িতে আসেন। তাঁরা তথ্য সংগ্রহকারী পরিচয় দিয়ে ফ্যামিলি কার্ড করে দেওয়ার জন্য তাঁর ছবি তুলতে চান। একপর্যায়ে ছবি তোলার কথা বলে তাঁকে কানের সোনার দুল খুলতে বলেন। পরে দুলটি দেখার কথা বলে সেটি নিয়ে দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যান তাঁরা।
এ ঘটনায় অসহায় মরিয়ম বেগম প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এ ধরনের প্রতারণার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম জানান, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
source: The Daily Campus