News

জুলাই অভ্যুত্থানে শহীদ ৯ সনাতন ধর্মাবলম্বীকে নিয়ে বই ‘বিসর্জন’

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া সনাতন ধর্মাবলম্বী ৯ জনের আত্মত্যাগ ও স্মৃতি তুলে ধরে ‘বিসর্জন: জুলাই গণ-অভ্যুত্থানের সনাতন শহীদেরা’ শীর্ষক একটি বই প্রকাশ করেছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর।

সোমবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বইটি প্রকাশ করা হয়। জাদুঘরের এ প্রকাশনাকে বাংলা ভাষায় জুলাই গণ-অভ্যুত্থানের সনাতন শহীদদের নিয়ে প্রথম প্রকাশনা হিসেবে উল্লেখ করা হয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ ১৬ বছরের দুঃশাসনের পর চব্বিশের অভ্যুত্থানে হাজারো মানুষের প্রাণের বিনিময়ে স্বৈরাচারী সরকারের পতন ঘটে। তাতে শহীদ হন সনাতন ধর্মের ৯ জন।

বইটিতে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া ৯ জন সনাতন ধর্মাবলম্বীর আত্মত্যাগের কথা তুলে ধরা হয়েছে। তারা হলেন- শ্রী শুভ শীল, রিয়া গোপ, হৃদয় চন্দ্র তরুয়া, সৈকত চন্দ্র দে, তনয় চন্দ্র দাস, রিপন চন্দ্র শীল, রুদ্র সেন, দীপ্ত দে ও গঙ্গা চরণ রাজ বংশী।

শহীদদের মধ্যে শিক্ষার্থী, শিশু ও শ্রমজীবী মানুষ রয়েছেন। তাদের মধ্যে ছয় বছর বয়সী শিশু রিয়া গোপের মৃত্যু সে সময় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে। গুলিবিদ্ধ হওয়ার সময় সে নিজ বাসার ছাদে খেলছিল।

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে সনাতন শহীদসহ চব্বিশের অভ্যুত্থানে আত্মত্যাগকারী পাঁচ শতাধিক শহীদের স্মৃতিস্মারক।

২০২৬ সালের ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বইটির প্রকাশনা সম্পর্কে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ বলেন, ‘চব্বিশের জুলাইয়ে আমরা দেখলাম, আওয়ামী লীগের তথাকথিত দেশপ্রেমের যে রাজনীতি হয়ে দাঁড়িয়েছিল নিজের ক্ষমতার রক্ষার রাজনীতি। এই ক্ষমতা রক্ষার জন্য নির্বিচারে হত্যা করা হয়েছে সাধারণ মানুষ। ‘বিসর্জন’ প্রকাশনায় চব্বিশের গণ-অভ্যুত্থানে সনাতন শহীদের কথা সংকলিত হলো। শারদীয় দুর্গা উৎসবে আমরা তাদের স্মরণ করি গভীর মমতা ও ভালোবাসায়।

৫০ টাকা মুদ্রিত মূল্যের ‘বিসর্জন’ বইটি জুলাই জাদুঘরসহ দেশের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button