News

তারা একাত্তরে জনগণকে ধোঁকা দিয়েছে, এখন ২৪ নিয়ে ধোঁকা দিচ্ছে: প্রধানমন্ত্রী

একটি বিশেষ রাজনৈতিক দল একাত্তরের মুক্তিযুদ্ধের সময় যেভাবে এ দেশের জনগণকে বিভ্রান্ত ও ধোঁকা দিয়েছিল, একইভাবে তারা চব্বিশের গণ-অভ্যুত্থান নিয়েও সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে বলে কড়া মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মুখে তারা চব্বিশকে ধারণ করার কথা বললেও জুলাই শহীদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে অংশ না নিয়ে নিজেদের আসল চরিত্র প্রকাশ করে দিয়েছে।

মঙ্গলবার রাজশাহীতে আখচাষিদের মাঝে সরকারি প্রণোদনার অর্থ বিতরণ উপলক্ষে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় উপস্থিত হাজারো মানুষের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে তারা যেভাবে এ দেশের জনগণকে ধোঁকা দিয়েছিল, ঠিক একইভাবে চব্বিশের জুলাই আন্দোলন নিয়েও তারা ধোঁকাবাজি করছে। মুখে বলে তারা চব্বিশকে ধারণ করে, কিন্তু বাস্তবে তাদের কর্মকাণ্ড সম্পূর্ণ ভিন্ন।’

তিনি আরো উল্লেখ করেন, ঢাকার ওসমানী উদ্যানে জুলাই আন্দোলনের বীর শহীদ ও যোদ্ধাদের স্মরণে স্মৃতিস্তম্ভের উদ্বোধনী আয়োজনে সব রাজনৈতিক দলকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু মুখে বড় বড় কথা বললেও সেই দলটির কোনো প্রতিনিধি জুলাইয়ের শহীদ পরিবারের পাশে এসে দাঁড়ায়নি। এর মাধ্যমেই প্রমাণ হয় যে তাদের কথা ও কাজে কোনো মিল নেই।

তারেক রহমান বলেন, ১৯৭১ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত যখনই সুযোগ পেয়েছে, তখনই তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়েছে। নির্বাচনে টিকিট বিক্রির রাজনীতির কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের কাছে তাদের সেই অসত্য ও চক্রান্ত ধরা পড়ে গেছে, জনগণ আর তাদের মিথ্যা আশ্বাসে বিশ্বাস করে না।

প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের উন্নয়ন, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক মুক্তিকে বাধাগ্রস্ত করতে কোনো অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। সব ভেদাভেদ ভুলে দেশ গড়ার কাজে বিএনপি সরকারের পাশে থাকার জন্য তিনি সর্বস্তরের জনতার প্রতি আহ্বান জানান।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button