News

ইশরাক ভালো কাজই করতে চেয়েছিলেন, কিন্তু একজন প্রতিমন্ত্রীর হাতে অস্ত্র শোভা পায় না: স্পিকার

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ© সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন,“ইশরাক হোসেন ভালো কাজই করতে চেয়েছিলেন। তিনি মাদকসেবী ও দুর্বৃত্তদের দমন করতেই গিয়েছিলেন। কিন্তু একজন প্রতিমন্ত্রীর হাতে বৈধ কিংবা অবৈধ—কোনো অস্ত্র নেওয়া মানায় না, শোভা পায় না। ফলে প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন।”

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোলার লালমোহন উপজেলা পরিষদে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সতর্ক করে স্পিকার বলেন,‍“ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বলছি, আপনারা নিজেদের সংশোধন করুন। অতীতে কোনো রাজনৈতিক দল নিজ দলের নেতাকর্মীদের অপকর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়নি। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলার প্রশ্নে আপসহীন থেকে অন্যায়ের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিয়ে নজির স্থাপন করেছেন।”

ত্রাণ বিতরণে অনিয়ম ও চাঁদাবাজির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন,“সম্প্রতি বিভিন্ন এলাকায় মব সৃষ্টি করে চালের বস্তা ছিনিয়ে নেওয়ার মতো অভিযোগ পাওয়া যাচ্ছে। তিনি প্রশাসন ও পুলিশ বাহিনীকে কঠোর নির্দেশ দিয়ে বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। প্রকৃত জেলেরা ছাড়া অন্য কেউ জেলের চাল পাবে না।”

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের আচরণ নিয়ে মেজর (অব.) হাফিজ উদ্দিন বলেন,“নির্বাচন এলে অনেকেই সাধু-সন্ত সাজার চেষ্টা করে। তবে গণতন্ত্রের সৌন্দর্য এখানেই যে, ভোটের অধিকার থাকায় মানুষ নির্যাতন-অত্যাচার থেকে রেহাই পায়।”

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button