News

ফ্যামিলি কার্ডের কথা বলে নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

ভোলার বোরহানউদ্দিনে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে পুলমা রানী দে (৬০) নামে এক নারীর গলা থেকে এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে দুই অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কুতুবা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাওয়ার প্ল্যান্ট সড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পুলমা রানী দে বোরহানউদ্দিন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কলেজ মাঠসংলগ্ন এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী দম্পতির অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় পাওয়ার প্ল্যান্ট সড়কে অবস্থিত অনির বাবাজির মন্দিরে কবিগান শুনে তারা হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে মোটরসাইকেলে থাকা দুই অজ্ঞাতপরিচয় যুবক তাদের অনুসরণ করেন। একপর্যায়ে কুতুবা জামে মসজিদসংলগ্ন পাওয়ার প্ল্যান্ট সড়কের নির্জন এলাকায় তাদের গতিরোধ করেন ওই যুবকেরা।

এ সময় তারা ফ্যামিলি কার্ড দেওয়ার বিষয়ে বিভিন্ন কথা বলতে থাকেন। একপর্যায়ে কথাবার্তার ফাঁকে পুলমা রানী দের গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন টান দিয়ে ছিনিয়ে নেন তারা। পরে দ্রুত মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। 

এর আগে বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নেও ফ্যামিলি কার্ডের জন্য ছবি তোলার কথা বলে এক নারীর স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া জেলার দৌলতখান উপজেলা ও ভোলা সদরেও একই ধরনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাব আলী, ‘এ ঘটনায় থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

source: The Daily Campus

Leave a Reply

Back to top button