ইসরাইলের স্বাধীনতা দিবসে মোদিকে মশাল প্রজ্বালনের আমন্ত্রণ নেতানিয়াহুর

আগামী বছর ইসরাইলের স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মশাল প্রজ্বালনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সাথে বিমান দুর্ঘটনা থেকে রক্ষা করা ভারতীয় পাইলট স্মিত মাচ্ছরকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
তবে প্রধানমন্ত্রী মোদি এই আমন্ত্রণ গ্রহণ করেছেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। ভারতের সরকারি বিবৃতি কিংবা মোদির সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া কোনো বার্তায় এই দাওয়াতের বিষয়টি উল্লেখ করা হয়নি।
নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনিক কথোপকথন নিয়ে এক্সে দেওয়া পোস্টে নরেন্দ্র মোদি জানান, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনা এবং তা আরও জোরদার করার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলার সময় ওই অঞ্চলে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার ওপর জোর দেন তিনি। ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মোদি সংকট নিরসনে আলোচনা ও কূটনীতির পথ অনুসরণের প্রতি ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
অন্যদিকে, নেতানিয়াহু তার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে উল্লেখ করেন, মোদিকে ইসরাইলের স্বাধীনতা দিবসে একজন সাহসী ভারতীয় পাইলটের সঙ্গে মশাল প্রজ্বালনের আমন্ত্রণ জানানো হয়েছে। নেতানিয়াহুর দাবি অনুযায়ী, মোদি তাকে এই আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং স্থল ও আকাশ উভয় ক্ষেত্রেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে দুই দেশের যৌথ লড়াই এবং দীর্ঘদিনের সুদৃঢ় সম্পর্কের প্রশংসা করেছেন।
source: Azadir Dak