News

নেত্রকোনার প্রকল্পে যুক্ত হলো শেরপুরও, ব্যয় বাড়ছে ১২০০ কোটি টাকা

বাস্তবায়নাধীন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ব্যয় ৮২.০৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। মূল অনুমোদিত ১,৪২৮ কোটি টাকার সঙ্গে আরো ১,১৭২ কোটি টাকা যোগ করে প্রকল্পের মোট ব্যয় ২,৬০০ কোটি টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে নেত্রকোনার সঙ্গে শেরপুর জেলাকে যুক্ত করে প্রকল্পের মেয়াদ দুই বছর বাড়িয়ে ২০২৯ সালের জুন পর্যন্ত নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। অথচ চলতি বছরের আগস্ট পর্যন্ত প্রকল্পটির ভৌত অগ্রগতি হয়েছে মাত্র ৪২.০৯ শতাংশ। প্রকল্পের এই পর্যায়ে ব্যয় বৃদ্ধি, নতুন কাজ অন্তর্ভুক্তি ও বাস্তবায়নের সময়সীমা নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। সম্প্রতি বাংলাদেশ পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভার কার্যপত্রে এসব তথ্য উঠে এসেছে।

নথি অনুযায়ী, ‘নেত্রকোনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পটি ২০২৩ সালের ৬ জুন একনেক সভায় অনুমোদন পায়। সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ১,৪২৮ কোটি টাকা। বাস্তবায়নের সময়সীমা ছিল ২০২৩ সালের জুলাই থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত। ২০২৫ সালের ৩ সেপ্টেম্বর প্রথম সংশোধনী অনুমোদিত হলেও ব্যয় ও মেয়াদ অপরিবর্তিত ছিল। এবার শেরপুরকে অন্তর্ভুক্ত করে দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে ব্যয় ও মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রস্তাবিত সংশোধনীতে সবচেয়ে বড় পরিবর্তন আসছে গ্রাম সড়ক নির্মাণে। বিটুমিনাস কার্পেটিং (বিসি) পদ্ধতিতে সড়ক নির্মাণের দৈর্ঘ্য ৩৯৭.৭৭ কিলোমিটার থেকে বাড়িয়ে ৮২০.৬ কিলোমিটার করার প্রস্তাব রয়েছে। এ খাতে ব্যয় ৫৬১ কোটি ২৫ লাখ টাকা থেকে বেড়ে ১,১৮৯ কোটি ৯১ লাখ টাকা হবে। অর্থাৎ, বাড়তি বরাদ্দ ৬২৮ কোটি ৬৬ লাখ টাকা।

উপজেলা সড়কের দৈর্ঘ্য ১৭.৯৪ থেকে বাড়িয়ে ৩২.৩৪ কিলোমিটার এবং ইউনিয়ন সড়ক ১১৯.৮১ থেকে বাড়িয়ে ১৪৯.৯ কিলোমিটার করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া সড়ক রক্ষণাবেক্ষণের আওতা ২৬.৭ থেকে বাড়িয়ে ১৬০.৮ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button