News

শেখ হাসিনার ছবি সরিয়ে আলোচনায় আসা জাবির সেই শিক্ষক হলেন পিএসসির সদস্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক ড. শামীমা সুলতানা© সংগৃহীত
২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থী হত্যা, হামলা, নির্যাতন ও আটকের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে নিজের কার্যালয় থেকে তার ছবি সরিয়ে আলোচনায় আসা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক ড. শামীমা সুলতানাকে সরকারি কর্মকমিশনের (পিএসসি) নতুন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
 
রোববার (২৫ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
 
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাপক ড. শামীমা সুলতানাকে সরকারি কর্মকমিশনের সদস্য পদে নিয়োগ দিয়েছেন। এ নিয়োগের শর্ত হিসেবে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে।
 
সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া—এর মধ্যে যেটি আগে ঘটবে, সে সময় পর্যন্ত তিনি এ পদে বহাল থাকবেন।
 
জানা যায়, ২০২৪ সালের ১ আগস্ট নিজের কার্যালয় থেকে শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলেন জাবির বাংলা বিভাগের তৎকালীন সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা। পরে তার কার্যালয়ে বসা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে তার পেছনের দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখা গেলেও শেখ হাসিনার ছবি ছিল না।
 
অধ্যাপক শামীমা সুলতানা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সহসভাপতি ছিলেন। তবে সংগঠনটির বর্তমান কমিটিতে তার কোনো পদ নেই বলে জানা গেছে।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button