News

‘একটা স্নাইপার এর অভাব ছিল’ মন্তব্য করা সেই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শুধু একটা স্নাইপার এর অভাব ছিল’ মন্তব্য করা নিউ গভঃ ডিগ্রী কলেজের এক শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের আশঙ্কা দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী তার বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে।

ঘটনা সূত্র থেকে জানা যায়, গত ২০ অক্টোবর প্রধানমন্ত্রীর রাজশাহী সফর চলাকালে নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহীর ইতিহাস বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী মো. আবু বকর সিদ্দিক (শিক্ষাবর্ষ: ২০২৪-২০২৫) সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত ও আক্রমণাত্মক উক্ত মন্তব্যটি করেন। বিষয়টি নজরে আসার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করে।

পরবর্তীতে এ উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নির্ধারণে গত ২৫ অক্টোবর কলেজের একাডেমিক কাউন্সিল এক জরুরি বৈঠক আহ্বান করে। দেশের সরকারপ্রধানকে নিয়ে একজন শিক্ষার্থীর এমন হিংসাত্মক ও উসকানিমূলক বক্তব্যকে মারাত্মক অপরাধ হিসেবে বিবেচনা করে কলেজ কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে নিউ গভঃ ডিগ্রী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার জানান, আমাদের কলেজের অভিভাবক ও পরিচালনা কর্তৃপক্ষ হলো জাতীয় বিশ্ববিদ্যালয়। তাই উক্ত শিক্ষার্থীর বিষয়ে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুপারিশ পাঠানো হয়েছে।

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ জানান, চিঠি হাতে পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান নিয়ম ও বিধি অনুযায়ী পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সরকারপ্রধানকে নিয়ে অনভিপ্রেত ও উসকানিমূলক মন্তব্য করায় অভিযুক্ত শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

source: Asia Post

Leave a Reply

Back to top button