‘শিক্ষার্থীরা কেন সরকারি বিদ্যালয় ছেড়ে যাচ্ছে তা খতিয়ে দেখতে হবে’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, শুধু অবকাঠামোই নয়, শিক্ষার মান নিশ্চিতে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে। সরকারি বিদ্যালয়ে বিনা মূল্যে বই, উপবৃত্তি ও মিড-ডে মিলসহ অন্যান্য সুবিধা দেওয়ার পরও শিক্ষার্থীরা কেন অন্য প্রতিষ্ঠানে যাচ্ছে, তা খতিয়ে দেখতে হবে।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষা জাতির ভিত নির্মাণ করে, তাই উন্নত, আলোকিত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে মানসম্মত প্রাথমিক শিক্ষার বিকল্প নেই। আর তাই বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার প্রতি সর্বোচ্চ গুরুত্বারোপ করেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে লালমনিরহাটের বানিয়াটারীতে প্রায় আট কোটি টাকা ব্যয়ে সরকারি বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আখতারুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
source: The Daily Campus