News

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটির কারণ খুঁজতে তদন্ত কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৪ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক এয়ার কমডোর মো. নিয়ামুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার জাপানের টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার আগে বিজি-৩৭৭ ফ্লাইটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ কারণে উড়োজাহাজটির উড্ডয়ন সাময়িকভাবে বাতিল করা হয়।

অফিস আদেশ অনুযায়ী, বিমানের চিফকে (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং) সভাপতি করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন), ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি) এবং ব্যবস্থাপক (আইনবিষয়ক), যিনি কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটিকে আগামী চার কার্যদিবসের মধ্যে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

চার দিনের সরকারি সফর শেষে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের নিয়ে উড়োজাহাজটির ঢাকায় ফেরার কথা ছিল। বিমানটি রানওয়ের দিকে ট্যাক্সি করার সময় ককপিটে ‘স্পয়লার’-সংক্রান্ত ত্রুটির সংকেত দেখতে পান পাইলট। পরে উড্ডয়ন বাতিল করে ত্রুটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়। মেরামত শেষে নির্ধারিত সময়ের পর ঢাকার উদ্দেশে যাত্রা করে উড়োজাহাজটি।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button