বেতন বাড়ানোর দাবিতে মিরপুরে শ্রমিকদের ৬ ঘণ্টা সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকা প্রায় ৬ ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা।
শনিবার সকালে মিরপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে শ্রমিকরা অবস্থান নেন। এতে মিরপুরে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। এদিকে একই দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বেতন বাড়ানোর দাবিতে মিরপুর-১০ নম্বর চত্বর, পল্লবী ও মিরপুর-১১ নম্বর এলাকার গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় ওই এলাকার প্রধান সড়কগুলোতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয় যায়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধ প্রত্যাহারের বিষয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে।
source: Daily Amar Desh