এনআইডি সংশোধনে যেসব জালিয়াতি হচ্ছে

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধনের সুযোগ কাজে লাগিয়ে নাম, বয়স ও পারিবারিক পরিচয়ে পরিবর্তন এনে সম্পত্তি বিক্রি, উত্তরাধিকার দাবি এবং পাসপোর্টের তথ্য বদলানোর মতো জালিয়াতির চেষ্টা হচ্ছে। এমনকি ভুয়া পরিচয়ে এনআইডি নেওয়ার অভিযোগও রয়েছে। এসব অনিয়ম ঠেকাতে আবেদন যাচাইয়ে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রয়োজনীয় নথি ও তথ্য যাচাই করে সন্তুষ্ট হওয়ার পরই সংশোধনের অনুমোদন দিচ্ছে সংস্থাটি।
এনআইডি সংশোধনে জালিয়াতির অভিযোগে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে ইসি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, এ ধরনের অপরাধে জড়িত কর্মকর্তাদের চাকরিচ্যুত করার পাশাপাশি ফৌজদারি মামলা ও গ্রেপ্তারের ব্যবস্থাও নেওয়া হয়েছে।
সিইসি বলেন, ‘এই অভিযোগে আমাদের অনেক কর্মকর্তা চাকরিচ্যুত হয়েছেন। অনেকের বিরুদ্ধে আমরা ফৌজদারি মামলা করেছি। তাদের গ্রেফতারের ব্যবস্থাও করেছি। সুতরাং আমরা ছাড় দিচ্ছি না।’
ইসি কর্মকর্তাদের ভাষ্য, এনআইডির তথ্য পরিবর্তনের সুযোগ ব্যবহার করে একেকজন একেক ধরনের জালিয়াতির চেষ্টা করছেন। কেউ নাম বদলে সম্পত্তি বিক্রি করছেন, কেউ উত্তরাধিকার বা ওয়ারিশ হিসেবে নিজেকে প্রমাণ করতে পরিচয় পরিবর্তনের চেষ্টা করছেন। আবার কেউ কেউ পাসপোর্টের তথ্য বদলাতেও এনআইডি সংশোধনের আশ্রয় নিচ্ছেন।
অপব্যবহারের বিষয়টি তুলে ধরে সিইসি বলেন, ‘অনেক ক্ষেত্রে নাম বদল করে সম্পত্তি বিক্রি করে দিয়েছে। অনেকে উত্তরাধিকার বা ওয়ারিশ হিসেবে প্রমাণ করার জন্য এনআইডি সংশোধন করে। অনেকে জালিয়াতি করে পাসপোর্ট পরিবর্তনের চেষ্টা করেছে। এজন্য যাচাই-বাছাই না করে সবকিছু সঙ্গে সঙ্গে করা যায় না, সংশোধন করে দেওয়া যায় না।’
বয়স ও পারিবারিক পরিচয়ে অসংগতি
এনআইডি সংশোধনের আবেদন যাচাই করতে গিয়ে বয়স ও পারিবারিক পরিচয়ের তথ্যে নানা ধরনের অসংগতি পাচ্ছে নির্বাচন কমিশন। কর্মকর্তারা বলেন, অনেক আবেদনে পিতা-ছেলের বয়সের ব্যবধান মাত্র তিন বছর, মা-মেয়ের ব্যবধান দুই-তিন বছর। কারও একাধিক জন্মনিবন্ধন বা শিক্ষাগত সনদ রয়েছে।
এসব যাচাই না করে সংশোধন করলে জটিলতা তৈরি হতে পারে, ভুয়া পরিচয়ে এনআইডি সংগ্রহের ঝুঁকিও থাকে।
সিইসি বলেন, ‘এমনও শোনা যায়, বিদেশি নাগরিক, রোহিঙ্গারা আমাদের নাগরিক হয়ে এনআইডি তৈরি করে ফেলে। এজন্য এগুলো যাচাই-বাছাই, তদন্ত ও পর্যালোচনা করা প্রয়োজন হয়।’
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, অনেক আবেদনকারী এমন জন্মতারিখ চান, যা আগের নিবন্ধনের তথ্যের সঙ্গে সাংঘর্ষিক।
উদাহরণ দিয়ে তিনি বলেন, একজনের জন্ম ১৯৯৭ সালে, ২০১৫ সালে ১৮ বছর বয়সে ভোটার হন। পরে জন্মসাল ২০০২ করতে চান। তাহলে নিবন্ধনের সময় তার বয়স হয় ১৩, অথচ ভোটার হওয়ার বয়স ১৮। এমন আবেদন কীভাবে গ্রহণ করা সম্ভব?
তিনি বলেন, অনেকে বিদেশে যাওয়ার সমস্যা বা ব্যক্তিগত অসুবিধার কথা বলে মানবিক বিবেচনায় সংশোধন চান। যাচাই ছাড়া অনুমোদন করলে ইসিকেই সমস্যায় পড়তে হয়।
জালিয়াতির অভিযোগে কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা
এনআইডি জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় সম্প্রতি ঝালকাঠির কাঠালিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আ. ছত্তারকে সাময়িক বরখাস্ত করেছে ইসি। একই অভিযোগে পঞ্চগড় সদরের অফিস সহকারী কামনা রানী সরকারকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ ধরনের অনিয়ম ঠেকাতে সংশোধনের আবেদনের সঙ্গে জমা দেওয়া নথিপত্র গুরুত্ব দিয়ে যাচাই করা হচ্ছে। নাম, বাবা-মায়ের পরিচয় কিংবা জন্মতারিখের মতো মৌলিক তথ্য পরিবর্তনের ক্ষেত্রে একাধিক নথির মধ্যে মিল আছে কি না, তা পরীক্ষা করা হয়।
সংশোধনের নামে যেসব কৌশল
ইসি কর্মকর্তারা জানান, কেউ কেউ বিদেশে যাওয়ার সমস্যা বা ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করে মানবিক বিবেচনায় এনআইডির তথ্য পরিবর্তনের আবেদন করেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কাজের ক্ষেত্রে বয়সের শর্ত থাকায় অনেকে বয়স পরিবর্তনের চেষ্টা করেন। পরে তথ্যগত জটিলতা তৈরি হলে বাবা বা মায়ের নামও পরিবর্তনের আবেদন করেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, অনেকে আগে এনআইডি করলেও পরে জন্মনিবন্ধন সনদ ব্যবহার করে পাসপোর্ট তৈরি করেন। এতে দুই নথির তথ্যে অমিল দেখা দেয়। জন্মনিবন্ধন তৈরির সময় এনআইডির তথ্যের সঙ্গে মিল রাখলে এ ধরনের সমস্যা এড়ানো সম্ভব।
বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ক্ষেত্রেও পরিচয়সংক্রান্ত অসংগতি পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন সিইসি। তার ভাষ্য, কেউ কেউ সঠিক পাসপোর্ট ছাড়াই বিদেশে গেছেন, আবার অনেকে দালালের মাধ্যমে বিদেশে যাওয়ায় তাদের তথ্য যাচাই করতে জটিলতা তৈরি হচ্ছে। সৌদি আরবে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে কাজ করছেন এমন অনেক রোহিঙ্গার বিষয়ে প্রতিবেদন পাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
১৩ লাখের বেশি আবেদন বাতিল
ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত জমা পড়া ৬৫ লাখ ৭০ হাজার ৮৪২টি সংশোধন আবেদনের মধ্যে ৬৪ লাখ ৪২ হাজার ৮৩২টি নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১৩ লাখ ৫৫ হাজার ১৫৭টি আবেদন বাতিল করা হয়েছে।
প্রয়োজনীয় তথ্য ও জন্মসনদ না থাকা এবং একাধিক জন্মসনদ বা শিক্ষাগত সনদে তথ্যের অমিল থাকাকে বাতিলের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন সিইসি। তবে বাতিল হওয়া আবেদনের সংখ্যা দিয়ে ক্ষতিগ্রস্ত আবেদনকারীর সংখ্যা নির্ধারণ করা যায় না বলে জানিয়েছেন আখতার আহমেদ। কারণ, একজন ব্যক্তি একাধিকবার আবেদন করতে পারেন। একই আবেদনে একাধিক তথ্য সংশোধনের অনুরোধ থাকলে কোনো একটি অনুমোদিত হলেও অন্যগুলো বাতিল হতে পারে।
আবেদন বাতিল হলে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে আবার আবেদন করার সুযোগ রয়েছে। উপজেলা থেকে মহাপরিচালক পর্যায়ে আবেদন বাতিল হওয়ার পরও সচিব পর্যায়ে আপিল করা যায় বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব।
তথ্য যাচাই ছাড়া সংশোধন নয়
ইসি কর্মকর্তারা জানান, অধিকাংশ সাধারণ সংশোধন উপজেলা পর্যায়েই করা সম্ভব। তবে নাম, বাবা-মায়ের পরিচয় ও বয়সের মতো একাধিক গুরুত্বপূর্ণ তথ্য একসঙ্গে পরিবর্তনের আবেদন উচ্চপর্যায়ে পাঠানো হয়। এসব ক্ষেত্রে জন্মনিবন্ধন, শিক্ষাগত সনদ এবং পরিবারের অন্য সদস্যদের এনআইডির তথ্য মিলিয়ে দেখা হয়। শুধু হলফনামার ভিত্তিতে সংশোধনের সুযোগ নেই।
পিতার নাম পরিবর্তনের আবেদনে পরিবারের অন্য সদস্যদের এনআইডিতে থাকা তথ্যও যাচাই করা হয়। এ বিষয়ে সিইসি বলেন, ‘আপনি যদি আপনার নাম ও বাবার নাম পরিবর্তন করতে চান, তাহলে আমরা বলতে পারি আপনার অন্যান্য ভাই-বোনের এনআইডি নিয়ে আসেন। তাদের এনআইডিতে বাবার নাম কী আছে।’
ইসির অবস্থান, সঠিক তথ্য ও নির্ভরযোগ্য প্রমাণ ছাড়া গুরুত্বপূর্ণ পরিচয়সংক্রান্ত তথ্য সংশোধন করা হবে না। তবে যেসব আবেদনকারীর কাগজপত্র সঠিক, তাদের সেবা দ্রুত দেওয়ার চেষ্টা করছে কমিশন।
সূত্র: বাসস
source: The Dhaka Diary