আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি

১০৫ বছরের ইতিহাসে প্রথম! আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ) ছাত্র সংসদের সহ-সভাপতি পদে নির্বাচিত হলেন মুসলিম তরুণী নাশরা নাঈম। শুধু তাই নয়, ছাত্র সংসদের মোট ১৩টি পদের মধ্যে ছ’টিতেই জয়ী হয়েছেন নারী প্রার্থীরা।
শুক্রবার (৬ নভেম্বর) নির্বাচনের ফলাফল ঘোষণার পরই এই নজির সামনে এসেছে।
সহ-সভাপতি পদে জয়ী নাশরা নাঈম পেয়েছেন ৭০৯১টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৫৮১৮টি ভোট। অর্থাৎ, ১২৭৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন নাশরা। বিশ্ববিদ্যালয়ের শতাব্দীপ্রাচীন ইতিহাসে এই প্রথম কোনও নারী এই পদে নির্বাচিত হলেন। এ বার ছাত্র সংসদের ১০টি ক্যাবিনেট সদস্য পদের মধ্যে ৬টিতেও জয় পেয়েছেন নারী প্রার্থীরা। ছাত্র রাজনীতিতে নারীদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে এই ফলাফলকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
এএমইউ ছাত্র সংসদ ও বিশ্ববিদ্যালয় কোর্ট নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক জাভেদ তালিব এবং উইমেনস কলেজ ছাত্র সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক নাজিয়া হাসান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
শিক্ষার্থীদের টানা তিন বছরের আন্দোলনের পর দীর্ঘ আট বছর বিরতি দিয়ে অনুষ্ঠিত হওয়ায় এবারের নির্বাচন ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের মতে, চলমান ‘জেন জি’ আন্দোলনের প্রভাবও পড়েছে নির্বাচনে। এবারের প্রচারণায় ক্যাম্পাসের দাবিদাওয়ার পাশাপাশি ভারতের সামগ্রিক রাজনীতি ও মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন বিষয়ও আলোচনায় উঠে আসে।
নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এএমইউর উপাচার্য অধ্যাপক নাইমা খাতুন। তিনি নির্বাচনকে বিশ্ববিদ্যালয়ের ‘উচ্চ গণতান্ত্রিক ঐতিহ্যের বিজয়’ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি নির্বাচনে নারীদের সক্রিয় অংশগ্রহণ ও ক্রমবর্ধমান প্রতিনিধিত্বকে স্বাগত জানিয়ে নারী ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।
এমআই/বার্তা বাজার
source: Barta Bazar