বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা

গ্রাম পুলিশ (দফাদার ও মহল্লাদার) সদস্যদের বাইসাইকেল পাওয়ার সময়সীমা কমিয়েছে সরকার। এখন থেকে পাঁচ বছরের পরিবর্তে প্রতি তিন বছর অন্তর একটি করে বাইসাইকেল পাবেন গ্রাম পুলিশের প্রধান ও সদস্যরা। সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে।
পরিপত্রে বলা হয়েছে, গ্রামীণ এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে গ্রাম পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের বাইসাইকেল পাওয়ার সময়সীমা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, গত ৭ নভেম্বর অনুষ্ঠিত গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের বাইসাইকেল পাওয়ার সময়সীমা পুনর্নির্ধারণের ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর সেই ঘোষণা বাস্তবায়নের অংশ হিসেবে স্থানীয় সরকার বিভাগ ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি জারি করা পরিপত্রের সংশ্লিষ্ট অংশ সংশোধন করেছে।
নতুন পরিপত্রে আরও জানানো হয়েছে, আগের পরিপত্রে উল্লেখ করা অন্যান্য শর্তাবলি ও সরঞ্জাম পাওয়ার ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি।
source: The Daily Campus