ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি মারা গেছেন

ভাষা সৈনিক ও প্রবীণ রাজনীতিবিদ মোশাররফ হোসেন আখুঞ্জি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আজ সোমবার (৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯০ বছর।
পরিবার জানিয়েছে, তিনি কোনো জটিল রোগে ভুগছিলেন না। বয়সজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
১৯৫২ সালের ভাষা আন্দোলনে রাজশাহীতে সামনের সারিতে থেকে সক্রিয় ভূমিকা রেখেছিলেন মোশাররফ হোসেন আখুঞ্জি। বাংলা ভাষার মর্যাদা রক্ষার সেই আন্দোলনের সাথে রাজশাহীর ইতিহাসে তার নামও জড়িয়ে আছে।
তিনি এক ছেলে, দুই মেয়ে এবং বহু গুণগ্রাহী, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ ঢাকা থেকে রাজশাহী মহানগরীর কুমারপাড়ায় তার নিজ বাসায় আনার প্রস্তুতি চলছে। সোমবার রাতের মধ্যেই মরদেহ রাজশাহীতে পৌঁছানোর কথা। জানাজা ও দাফনের সময় পরে পরিবার জানাবে।
এআর
source: Barta Bazar