News

আমেরিকা বা ভারতের নয়, মদিনার ইসলাম চাই: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) বলেছেন, ‘আমরা আমেরিকা, ভারত বা অন্য কোনো দেশের ইসলাম চাই না, আমরা চাই মদিনার ইসলাম। যা এ দেশের মানুষের শান্তি বয়ে আনবে।’

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুলাদী পূর্ব বাজার লঞ্চঘাট সংলগ্ন গরুর হাটে উপজেলা ইসলামী আন্দোলন আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করীম এসব কথা বলেন।

ফয়জুল করীম আরও বলেন, দেশে মেধার যথাযথ মূল্যায়ন এবং প্রকৃত সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। ২৪-এর আন্দোলনে মানুষ বৈষম্যহীন সমাজ গড়ার জন্য রক্ত ও জীবন দিলেও ক্ষমতা বদলের পর সমাজে সেই বৈষম্যের চিত্রই রয়ে গেছে। অতীতে দলীয় ও ক্ষমতার প্রভাবের ভিত্তিতে বিচারব্যবস্থা পরিচালিত হয়েছে, যা প্রকৃত ন্যায়বিচার নয়। সত্যিকারের ন্যায়বিচার প্রতিষ্ঠিত করতে হলে ক্ষমতার প্রভাবমুক্ত হয়ে আইনের শাসন নিশ্চিত করতে হবে।

মুলাদী উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি এইচ এম আলমগীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ইসলামী যুব আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মাদ আল আমিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহা. সিরাজুল ইসলাম এবং মুহাম্মাদ শরীয়াতুল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব এফ এম মাইনুল ইসলাম ও সহসভাপতি মাওলানা নেছার উদ্দীন সিকদারসহ উপজেলা ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলনের নেতারা।

source: Barta Bazar

Leave a Reply

Back to top button