News

আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা আড়াল করতেই সরকার সার্কিট ও পরিত্যক্ত বাড়ির মিথ্যা গল্পের অবতারণা করেছে

আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা আড়াল করতেই সরকার শর্ট সার্কিট ও পরিত্যক্ত বাড়ির মিথ্যা গল্পের অবতারণা করেছে বলে মন্তব্য করেছে বিরোধী দলীয় সংসদীয় টিম।

​শুক্রবার (১৩ নভেম্বর) কুষ্টিয়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের পেট্রোল বোমা হামলায় পুড়ে যাওয়া এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য এবং সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেন তারা।

​পরিদর্শনকারী সংসদীয় টিমে ছিলেন— এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি, জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা নায়েবে আমীর ও সংসদ সদস্য মো. আব্দুল গফুর এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু এমপি।

​পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনার পর সুষ্ঠু তদন্ত হওয়ার আগেই স্বরাষ্ট্রমন্ত্রী বৈদ্যুতিক শর্ট সার্কিটের কথা বলে দিচ্ছেন। মানুষ বসবাস করে এমন একটি বাড়িকে তিনি বলছেন পরিত্যক্ত বাড়ি। তদন্তের আগেই তিনি যদি শর্ট সার্কিটের কথা বলে দেন, তবে তদন্ত প্রতিবেদনে কী আসবে তা বোঝাই যায়।

​তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে যা বলে দিয়েছেন, এখন স্থানীয় কর্মকর্তাদের কেবল সেটি লিখে নেওয়ার বাকি। অতীতে তিনি নিজে গুমের শিকার হয়েও আজ এমন কথা বলছেন। ফ্যাসিস্ট আমলের এমন প্রবণতা বর্তমান নির্বাচিত সরকারের আমলেও আমরা দেখব, সেটি আশা করিনি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক এবং সরকার এক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ। জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে এখন নিজেদের ব্যর্থতা ঢাকতেই সরকার শর্ট সার্কিট ও পরিত্যক্ত বাড়ির মিথ্যা গল্পের অবতারণা করেছে। তিনি জানান, বিরোধী দলীয় এই টিম ঘটনাটি সরেজমিন পরিদর্শন শেষে একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করে জনসমক্ষে প্রকাশ করবে।

​কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সংসদ সদস্য আব্দুল গফুর বলেন, এই সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। বিএনপি সরকার সঠিকভাবে দেশ চালাতে পারছে না। নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হলেও স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন, যার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই।
​
এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ সমন্বয়ক এবং বর্তমান জাতীয় সংসদের সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী নিজের ব্যর্থতার দায় এড়াতে এই হামলার ঘটনাকে লঘুকরণের চেষ্টা করছেন। অন্যদিকে, পলাতক ছাত্রলীগের কুষ্টিয়া জেলা সভাপতি ফেসবুকে অনবরত হুমকি দিয়ে ঘটনার দায় স্বীকার করে পোস্ট দিচ্ছে। জঙ্গি হামলার পর যেভাবে দায় স্বীকার করা হয়, ঠিক সেভাবে ছাত্রলীগ পোস্ট দিলেও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশাসন তাদের গ্রেপ্তার করতে পারছে না।

​সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বলেন, আমি এখনও মনে করি, এটি আওয়ামী লীগেরই কুকীর্তি। তাদের দায় স্বীকারের দাবি, ঘটনা নিয়ে উল্লাস প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রচার করার বিষয়গুলো থেকে স্পষ্ট যে এটি তাদেরই কাজ।
​
তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার থানায় এজাহার দিয়ে মামলা করার সময় এক আসামির অবস্থান ও মোবাইল নম্বরসহ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ সুপারকে (ক্রাইম) জানিয়েছিলাম। আশা করেছিলাম দ্রুত দৃশ্যমান অগ্রগতি দেখতে পাবো, কিন্তু মেলেনি। কোনো নাশকতার ঘটনায় তদন্তের মূল গুরুত্ব হওয়া উচিত ঘটনা কীভাবে ঘটল এবং কারা জড়িত তা উদ্ঘাটন করা। কিন্তু সেদিকে গুরুত্ব না দিয়ে বাড়িটি কাঁচা নাকি পাকা, পরিত্যক্ত কি না, সেখানে মানুষ থাকত কি না কিংবা সেখানে গরু-ছাগল থাকত কি না—এসব অবান্তর বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। আমি এ ধরনের আলোচনার তীব্র নিন্দা জানাই।

​নুসরাত তাবাসসুম আরও বলেন, কোনো ধরনের তদন্ত শেষ হওয়ার আগেই জাতীয় সংসদে দাঁড়িয়ে তদন্তের ফলাফল বলে দেওয়ার মতো আচরণ আমি ঘৃণাভরে প্রত্যাখ্যান করি এবং এর তীব্র বিরোধিতা করছি।

​এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাতের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাকিল আহমেদ, সহ-যুব ও কর্মসংস্থান সম্পাদক ওয়াহিদুজ্জামান, কেন্দ্রীয় সদস্য সাঈদা জান্নাতসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button