News

মহল্লাদার-দফাদারের নতুন পরিচয় এখন থেকে ‘গ্রাম পুলিশ’, বাড়ল বেতনও 

গ্রাম পুলিশ মহাসমাবেশে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান© সংগৃহীত

মহল্লাদারের পদবি গ্রাম পুলিশ এবং দফাদারের পদবি গ্রাম পুলিশ প্রধান করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। একইসাথে, এই দুই পদবিদারীদেরই বেতন ভাতা বাড়ানো হয়েছে। 

আজ শনিবার (৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ড মাঠে আয়োজিত গ্রাম পুলিশের মহাসমাবেশে অংশ নিয়ে এ কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

সমাবেশে বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রী বলেন, “দফাদার বা মহাল্লাদার নয়, এখন থেকে আপনাদের পরিচয় ‘গ্রাম পুলিশ’। সরকারিভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মহাল্লাদার হচ্ছেন গ্রাম পুলিশ। আর দফাদার হচ্ছেন গ্রাম পুলিশ প্রধান।”

তিনি বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় ১৯৯৫ সালে প্রথমবারের মতো গ্রাম পুলিশদের জন্য ঈদ বোনাস প্রদানের ঘোষণা দেওয়া হয়েছিল এবং তা কার্যকরও হয়েছিল। একই ধারাবাহিকতায় বর্তমান সরকার সারাদেশের ৪০ হাজার গ্রাম পুলিশের পরিবার-পরিজনের স্বাচ্ছন্দ্যে জীবযাপনের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।”

বেতন বাড়ানোর সুসংবাদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আপনাদের পদবি পরিবর্তন করে গ্রাম পুলিশ করা হয়েছে। তবে শুধু পদবি পরিবর্তনই নয়, গ্রাম পুলিশের বেতনভাতাও বাড়ানো হয়েছে। আমি আজ গ্রাম পুলিশের এই মহাসবাবেশে ঘোষণা দিচ্ছি, আজ ঐতিহাসিক ৭ নভেম্বর থেকে ইনশাআল্লাহ সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হবে।”

বেতনের অংক তুলে ধরে তিনি বলেন, “বেতনভাতা ছাড়াও আপনাদের আরও কিছু সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে গ্রাম পুলিশের মাসিক বেতন সাড়ে ৭ হাজার টাকা। এই বেতন বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। গ্রাম পুলিশ প্রধানের বেতন ৮ হাজার টাকা। এই বেতন বাড়িয়ে ১১ হাজার টাকা করা হয়েছে।”

অবসরকালীন আনুতোষিক ভাতা বাড়ানোর কথা জানিয়ে তিনি বলেন, “মাসিক বেতনের পাশাপাশি বর্তমান অবসরকালীন আনুতোষিক ভাতাও বাড়ানো হয়েছে। গ্রাম পুলিশের জন্য আনুতোষিক ভাতা ৭০ হাজার থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা করা হয়েছে। গ্রাম পুলিশ প্রধানের আনুতোষিক ভাতা ৮০ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ করা হয়েছে।”

প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, “তথ্য আদানপ্রদানের জন্য গ্রাম পুলিশ মোবাইল ফোন ব্যবহার করতে হয়। এ কারণে সরকার গ্রাম পুলিশের প্রত্যেক সদস্যকে মোবাইল ফোনের খরচের জন্য মাসে ১৫০ টাকা প্রদান করবে।”

এর আগে, আজ পৌনে ১২ টায় তারেক রহমান তার সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে এ অনুষ্ঠানে যোগ দেন।

সমাবেশস্থলে প্রবেশ করেই সারাদেশ থেকে আসা গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করতে করতে মূল মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঞ্চে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান প্রমুখ।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। পরে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

source: The Dhaka Diary

Back to top button