News

আইইবি নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ২০২৭-২০২৮ সেশনের নির্বাচনে ভোট জালিয়াতি, অনিয়ম, পক্ষপাতদুষ্টভাবে ভোট গ্রহণ এবং প্রার্থীদের ওপর হামলার অভিযোগ তুলেছে ONE IEB প্যানেল। এসব অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা না নিলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্যানেলটি। একই সঙ্গে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যানের কথাও জানিয়েছে তারা।

শুক্রবার সন্ধ্যা ৬টায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে ONE IEB প্যানেল। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন প্যানেলটির ঢাকা সেন্টারের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রকৌশলী আতিকুর রহমান।

তিনি বলেন, দীর্ঘদিন পর অনুষ্ঠিত আইইবির ২০২৭-২০২৮ সেশনের নির্বাচনে বিপুলসংখ্যক প্রকৌশলী, বিশেষ করে নবীন প্রকৌশলীদের অংশগ্রহণ ছিল আশাব্যঞ্জক। তবে নির্বাচন কমিশন ও সরকারদল-সমর্থিত প্যানেলের যোগসাজশে নির্বাচন প্রভাবিত হয়েছে বলে তাদের অভিযোগ।

নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে আতিকুর রহমান বলেন, প্রার্থীদের পক্ষ থেকে পোলিং এজেন্ট নিয়োগের আবেদন গ্রহণ করা হলেও তাদের সঙ্গে আলোচনা ছাড়াই ভোটের দুই দিন আগে এজেন্ট না রাখার সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন। তাদের দাবি, এ সিদ্ধান্ত নির্বাচনী তফসিলের সঙ্গে সাংঘর্ষিক।

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনের আগের রাতে সরকারদল-সমর্থিত প্যানেলের পক্ষে ভোট দিতে সরকারি চাকরিজীবীদের বার্তা দেওয়া হয়। ভোট দেওয়ার পর ব্যালটের ছবি তুলে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে পাঠানোর নির্দেশনাসংবলিত হোয়াটসঅ্যাপ বার্তাও ছড়িয়ে পড়ে।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button