News

তৃতীয় দেশে আশ্রয় মেলেনি হাসিনার, ডিসেম্বরকে ঘিরে এখন কী চাইছে দিল্লি? 

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা© সংগৃহীত
চব্বিশের জুলাইয়ে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা করেও সফল হয়নি দিল্লি। অতীতে একাধিক দেশের সঙ্গে এ বিষয়ে আলোচনা করলেও নানা কারণে সেই উদ্যোগ ভেস্তে যায়। ফলে এখন শেখ হাসিনার বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়াকেই একমাত্র বাস্তবসম্মত বিকল্প হিসেবে দেখছে ভারত।
 
বিবিসি বাংলার প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার ডিসেম্বর মাসে দেশে ফেরার ঘোষণার পেছনে ভারতের প্রচ্ছন্ন সম্মতি রয়েছে। দিল্লি ও শেখ হাসিনা—দুই পক্ষের মধ্যে এ বিষয়ে সমঝোতা হওয়ার পরই তিনি দেশে ফেরার ইচ্ছার কথা প্রকাশ্যে জানিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
 
দিল্লিতে শেখ হাসিনার দীর্ঘদিনের অবস্থান ভারতের জন্য ক্রমেই বিব্রতকর হয়ে উঠেছে। বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে ভারতকে। বিশেষ করে গণহত্যার অভিযোগে দণ্ডিত একজন সাবেক প্রধানমন্ত্রীকে দীর্ঘদিন আশ্রয় দেওয়ার বিষয়টি ভারতের জন্য কূটনৈতিক অস্বস্তি তৈরি করেছে।
 
এ অবস্থায় শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠাতে না পেরে এখন তার বাংলাদেশে ফেরার পথ তৈরির চেষ্টা করছে দিল্লি। তবে তাকে সরাসরি বাংলাদেশের কাছে প্রত্যর্পণের বিষয়ে এখনো সম্মতি দেয়নি ভারত।
 
বাংলাদেশ সরকার ২০২৪ সালের ডিসেম্বরেই কূটনৈতিক বার্তার মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে অনুরোধ জানিয়েছিল। এরপর একাধিকবার তাগাদা দেওয়া হলেও ভারত এখন পর্যন্ত এ বিষয়ে ইতিবাচক বা নেতিবাচক কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি।
 
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে বন্দি হিসেবে বাংলাদেশের হাতে তুলে দিতে চায় না দিল্লি। ভারতের বিবেচনায় তিনি দীর্ঘদিনের আস্থাভাজন ও পরীক্ষিত বন্ধু। তাকে এভাবে ফেরত পাঠালে নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের মতো দেশে ভারতের মিত্র রাজনীতিকদের কাছেও ভুল বার্তা যেতে পারে।
 
এ ছাড়া ভারত মনে করে, ২০২৪ সালের ৫ আগস্ট দেশটিতে প্রবেশের সময় শেখ হাসিনা বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, আদালতে দণ্ডিত অপরাধী নন। তাই তার অবস্থানের ক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসেনি।
 
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ ও ভারতের বন্দি প্রত্যর্পণ চুক্তির কিছু আইনি সুযোগ কাজে লাগিয়ে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ ঝুলিয়ে রেখেছে দিল্লি।
 
শেখ হাসিনার ফেরার ক্ষেত্রে ভারতের দুই শর্ত
 
বিবিসিকে ভারতের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ক্ষেত্রে দিল্লির প্রধানত দুটি শর্ত রয়েছে।
 
প্রথমত, শেখ হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে দেশে ফিরিয়ে নিতে হবে। ভারতে আসার সময় তিনি বাংলাদেশ সামরিক বাহিনীর বিমানে এসেছিলেন। তাই তাকে ফিরিয়ে নেওয়ার দায়িত্বও বাংলাদেশের সেনাবাহিনীকে নিতে হবে বলে মনে করছে দিল্লি। এ ক্ষেত্রে সামরিক বিমান পাঠিয়ে আকাশপথে অথবা স্থলসীমান্তের নির্দিষ্ট কোনো স্থান দিয়ে তাকে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। এ ধরনের প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহযোগিতা দিতেও প্রস্তুত ভারত।
 
দ্বিতীয়ত, শেখ হাসিনা দেশে ফেরার পর মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ এবং জুলাই গণহত্যার অভিযোগে নতুন করে বিচারের নিশ্চয়তা দিতে হবে বাংলাদেশকে।
 
তবে বাংলাদেশের বিচারব্যবস্থায় বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ হিসেবে বিষয়টি যাতে বিবেচিত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে চায় দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার ভাষ্য, শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানোর জন্য ভারত কখনোই জেনেশুনে এগিয়ে দিতে পারে না। বরং তিনি যাতে নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটিই নিশ্চিত করতে চায় দিল্লি।
 
বিচারপ্রক্রিয়া আন্তর্জাতিক মহল ও বিশ্ব গণমাধ্যমের নজরদারিতে থাকুক, সেটিও ভারত চাইবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
 
এই দুই শর্ত পূরণের মাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে কয়েক মাস ধরেই ঢাকার সঙ্গে পর্দার আড়ালে আলোচনা চালাচ্ছে দিল্লি।
 
দুই দেশের সেনাবাহিনীর ভূমিকা
 
শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি এগিয়ে নিতে দুই দেশের সেনাবাহিনীর ভূমিকার ওপরও গুরুত্ব দিচ্ছে ভারত।
 
গত অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী আকস্মিকভাবে দিল্লি সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে সাক্ষাৎ করেন।
 
এ বিষয়ে ভারতের একটি শীর্ষ সামরিক সূত্র বিবিসিকে জানিয়েছিল, বিশেষ কোনো পরিস্থিতি ছাড়া বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে ভারতের সেনাপ্রধানের সাক্ষাতের প্রয়োজন ছিল না। ওই সূত্রের ইঙ্গিত ছিল, শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা নিশ্চিত করতেই এ আলোচনা।
 
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই থেকে আড়াই বছরে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন থাকলেও সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে ভারতের সেনাপ্রধানদের নিয়মিত যোগাযোগ ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
 
শেখ হাসিনা দেশে ফিরলে তার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশের সেনাবাহিনী নিক, সেটিও দিল্লির প্রত্যাশা। কারণ, ভারতে অবস্থানকালে তার নিরাপত্তার দায়িত্ব বহন করছে ভারত।
 
ডিসেম্বরে কি ফিরতে পারবেন শেখ হাসিনা?
 
শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরতে পারবেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো উত্তর নেই বলে জানিয়েছে বিবিসি বাংলা। তবে দিল্লির কর্মকর্তাদের ধারণা, শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন রয়েছে।
 
ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তার দাবি, বাংলাদেশ সরকার প্রকাশ্যে শেখ হাসিনাকে ফেরত চাইলেও বাস্তবে তার দেশে ফেরা চায় না। তাদের মতে, জ্বালানি সংকট ও পোশাকশ্রমিকদের বিক্ষোভসহ নানা সমস্যায় থাকা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন নতুন অস্থিরতা তৈরি করতে পারে।
 
এ ছাড়া তার ফেরার ক্ষেত্রে ভারতের দেওয়া শর্তগুলো পূরণ হওয়াও সহজ নয়। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সব জটিলতা কাটিয়ে প্রত্যাবর্তনের পথ তৈরি হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন দিল্লির পর্যবেক্ষকেরা।
 
তাই পরিস্থিতিতে বড় কোনো পরিবর্তন না এলে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ক্ষীণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
 
শেখ হাসিনার ফেরার ঘোষণায় ভারতের লাভ কী?
 
বিবিসির বিশ্লেষণ অনুযায়ী, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো কঠিন—এ বিষয়টি দিল্লি শুরু থেকেই জানত। তারপরও তার দেশে ফেরার ঘোষণায় ভারতের সম্মতি রয়েছে। কারণ, শেষ পর্যন্ত তিনি দেশে ফিরতে না পারলেও কূটনৈতিকভাবে ভারতের খুব বেশি ক্ষতি হবে না বলে মনে করছে দিল্লি।
 
ভারতের সাউথ ব্লকের এক কর্মকর্তার ভাষ্য, শেখ হাসিনা নিজে দেশে ফিরতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশ নানা অজুহাতে তা সম্ভব হতে দেয়নি—এমন অবস্থান নেওয়ার সুযোগ থাকবে ভারতের।
 
অন্যদিকে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ তৈরি হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের প্রত্যাবর্তন চায় ভারত। সে বিবেচনায় শেখ হাসিনার এই ঘোষণাকে ইতিবাচক হিসেবেই দেখছে দিল্লি।
 
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৩১ ডিসেম্বর শেখ হাসিনা কোথায় থাকবেন, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে শেষ পর্যন্ত তিনি ভারতে থেকে গেলেও তার অবস্থানের পক্ষে যুক্তি দেখানোর বাড়তি সুযোগ পাবে দিল্লি।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button