ওসির গাড়িতে আগুন, বেনজীরের বান্ধবী পরিচয়দানকারী নাজনীন গ্রেফতার

সাভারে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বান্ধবী পরিচয় দানকারী নাজনীন আখতারকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (১৫ নভেম্বর) বিকেলে সাভারের রাজফুলবাড়িয়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত নাজনীন আখতার নিজেকে ‘শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের’ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হিসেবে পরিচয় দিয়েছেন।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন জানান, সাভারের হেমায়েতপুরে পুলিশের ওসির গাড়িতে আগুন দেওয়া ও ভাঙচুরের ঘটনার মামলার এজাহারভুক্ত আসামি হলেন এই নাজনীন। ঘটনার পর থেকেই তিনি রাজফুলবাড়িয়া এলাকায় আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর নাজনীন নিজেকে সাবেক আইজিপি বেনজীর আহমেদের বান্ধবী বলে পরিচয় দিয়ে প্রভাব দেখানোর চেষ্টা করেন। ওসির গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ওই ঘটনায় গত ৬ নভেম্বর পুলিশ বাদী হয়ে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেছিল।
সোমবার রিমান্ডের আবেদন জানিয়ে নাজনীনকে আদালতে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।
source: Azadir Dak