News

কোন ইউনিয়নে কবে ভোট, ঘোষণার তারিখ জানাল ইসি

কোন ইউনিয়ন পরিষদে (ইউপি) কবে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা নির্ধারণে আগামী ১৬ নভেম্বর সভা করবে নির্বাচন কমিশন (ইসি)। পাঁচ ধাপে অনুষ্ঠেয় ইউপি নির্বাচনের প্রস্তুতি নিয়ে ওই সভায় আলোচনা হবে। প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোট হতে পারে। বুধবার (১১ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে চার নির্বাচন কমিশনারও উপস্থিত থাকবেন।’

আখতার আহমেদ জানান, বৈঠকের আলোচ্যসূচিতে দুটি বিষয় রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে পাঁচ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি এবং স্মার্ট এনআইডি কার্ড উৎপাদন, পারসোনালাইজেশন ও বিতরণের জন্য পারসোনালাইজেশন সেন্টারসংক্রান্ত বিষয়।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, পাঁচ ধাপে ইউপি নির্বাচনের ভোট গ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট অনুষ্ঠিত হবে।

এ ক্ষেত্রে সদর উপজেলা ও সদর সংলগ্ন ইউনিয়ন পরিষদগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button