News

প্রবাসে থেকেও দেশের উন্নয়নে কাজ করতে হবে: অস্ট্রেলিয়ায় জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, একজন মুসলমান পৃথিবীর যে প্রান্তেই বসবাস করুন না কেন, সর্বাবস্থায় তার ইমান ও ইসলামী মূল্যবোধ অটুট রাখতে হবে।

একই সঙ্গে যে দেশে বসবাস করবেন, সে দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। প্রবাসে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা, দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগিয়ে নিজ দেশের উন্নয়নেও অবদান রাখতে হবে।

শনিবার বিকালে অস্ট্রেলিয়ায় বসবাসরত ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত ‘রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, প্রবাসীরা শুধু নিজেদের কর্মজীবন ও ব্যক্তিগত সাফল্যের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না; বরং নিজেদের অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতা দেশের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করবেন। বিশেষ করে রাষ্ট্র সংস্কার, উন্নয়ন, শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

তিনি বলেন, প্রবাসে অবস্থান করলেও দেশের প্রতি দায়িত্ব ও ভালোবাসা অটুট রাখতে হবে। নিজেদের পেশাগত দক্ষতা, সততা, যোগ্যতা ও অভিজ্ঞতার মাধ্যমে বিদেশের মাটিতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে হবে। পাশাপাশি দেশের মানুষের কল্যাণ ও রাষ্ট্রের উন্নয়নে নিজেদের সামর্থ্য অনুযায়ী অবদান রাখতে হবে।

সভায় উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এসএম খালিদুজ্জামান।

এছাড়া সভায় অস্ট্রেলিয়ায় বসবাসরত সাবেক ছাত্রনেতা ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সঙ্গে মতবিনিময়: শনিবার দুপুরে সিডনির চুল্লোরাতে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন ডা. শফিকুর রহমান। সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, আপনারা বিভিন্ন মুসলিম কমিউনিটিকে একই ছাতার নিচে ঐক্যবদ্ধ করে সমাজের কল্যাণে অবদান রাখছেন। এ জন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি, আপনাদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে অস্ট্রেলিয়ার মূলধারার সমাজে মুসলিম কমিউনিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি মুসলিম কমিউনিটির ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের প্রতি আহ্বান জানান।

source: Barta Bazar

Leave a Reply

Back to top button