News
যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

কর্মসূচির শুরুতে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনীর ঘাঁটির মসজিদগুলোতে ফজরের নামাজের পর বিশেষ মোনাজাত করা হয়। এতে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি এবং স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
গতকাল শনিবার (২১ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পুষ্পস্তবক অর্পণের সময় শহীদদের স্মরণে বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শিখা অনির্বাণে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
আরও পড়ুন
এর আগে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শিখা অনির্বাণে পৌঁছালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার তাঁদের স্বাগত জানান।
মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মরণে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে সম্মিলিতভাবে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন।
শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে যান। সেখানে তাকে অভ্যর্থনা জানান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও মহাপরিচালকরা। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানরা সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
পরে প্রধানমন্ত্রী আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেন। অনুষ্ঠানে সাত বীরশ্রেষ্ঠের নিকটাত্মীয়সহ ১০১ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারী যোগ দেন। এসময় অন্যদের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সঙ্গে চা চক্রে অংশ নেন।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিকেলে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি, স্থানীয় দূতাবাসগুলোর কূটনীতিক, বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের উত্তরাধিকারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভাষণ দেওয়ার পর প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং চা চক্রে অংশ নেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করে।
এর আগে প্রধানমন্ত্রী তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানকে সঙ্গে নিয়ে সেনাকুঞ্জে পৌঁছালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) সস্ত্রীক তাকে স্বাগত জানান। পরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য ঢাকা ছাড়াও সাভার, বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, খুলনা, রংপুর ও রাজেন্দ্রপুর সেনানিবাস ও ঘাঁটিতে সংশ্লিষ্ট এরিয়া সদর দপ্তরের ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এসব স্থানে বিকেল ও সন্ধ্যায় সংবর্ধনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বিশেষভাবে সজ্জিত নৌবাহিনীর জাহাজগুলো দুপুর ২ টা থেকে বিকেল পৌনে ৫ টা পর্যন্ত সর্বসাধারণের দেখার জন্য নিকটবর্তী ঘাটগুলোতে উন্মুক্ত রাখা হয়।
গণমাধ্যমেও দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন অনুষ্ঠান প্রচার করা হয়। বাংলাদেশ টেলিভিশন গতকাল রাত ৮টার বাংলা সংবাদের পর ‘বিশেষ অনির্বাণ’ অনুষ্ঠান সম্প্রচার করে, বাংলাদেশ বেতার আজ সন্ধ্যা সাড়ে ৭টা টায় ‘বিশেষ দুর্বার’ অনুষ্ঠান সম্প্রচার করে। পরে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে ‘বিশেষ অনির্বাণ’ এবং বেসরকারি রেডিও চ্যানেলগুলোতে ‘বিশেষ দুর্বার’ অনুষ্ঠান পর্যায়ক্রমে সম্প্রচার করা হবে।
এদিকে, বিভিন্ন জাতীয় দৈনিকে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে। এছাড়া সশস্ত্র বাহিনীর আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
source: The Dhaka Diary