টিউশনির টাকায় কেনা ৬ হাজার টাকার সাইকেলে ১৪৮ দিনে ঘুরলেন ৬৪ জেলা

টিউশনি করে জমানো টাকায় মাত্র ছয় হাজার টাকায় একটি সাইকেল কিনেছিলেন ময়মনসিংহের মুক্তাগাছার তরুণ মোহাম্মদ খাইরুল ইসলাম। সেই সাধারণ সাইকেল নিয়েই ১৪৮ দিনে দেশের ৬৪ জেলার ৫০৩টি উপজেলা ঘুরে এসেছেন ২৩ বছর বয়সী এই তরুণ। গত ৯ জুন শেরপুরের নকলা উপজেলা থেকে শুরু হওয়া তাঁর এই যাত্রা শেষ হয় গত ৩ নভেম্বর সকাল ১০টা ৪৩ মিনিটে নিজ উপজেলা মুক্তাগাছায় ফিরে।
খাইরুলের দাবি, একটানা সাইকেল চালিয়ে দেশের ৫০৩টি উপজেলা ভ্রমণের এমন নজির বাংলাদেশে প্রথম। তাঁর এই অভিযান শুধু নিজের স্বপ্নপূরণ নয়, তরুণ প্রজন্মের কাছে দৃঢ় মনোবল, অধ্যবসায় ও পরিবেশবান্ধব জীবনযাপনের বার্তাও পৌঁছে দিয়েছে।
খাইরুলের সঙ্গে কথা বলে জানা যায়, গত ৯ জুন ২০২৬ সকাল ৮টায় শেরপুরের নকলা উপজেলা থেকে শুরু হয় তাঁর দেশ ভ্রমণের অভিযান। এরপর রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার পথ পাড়ি দেন তিনি। মেঠোপথ, দুর্গম পাহাড়ি জনপদ, বিস্তীর্ণ হাওর ও ব্যস্ত মহাসড়ক অতিক্রম করে ১৪৮ দিন পর নিজ উপজেলায় ফিরে আসেন।
এই অভিযানের উদ্দেশ্য শুধু দেশ ভ্রমণ ছিল না। গ্রামীণ বাংলার প্রকৃতি, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রা কাছ থেকে দেখা এবং পরিবেশ সচেতনতা ছড়িয়ে দেওয়াও ছিল তাঁর অন্যতম লক্ষ্য।
দীর্ঘ এই যাত্রায় দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনযাত্রা ও প্রকৃতির বৈচিত্র্য দেখেছেন খাইরুল। উত্তরবঙ্গের মানুষের আন্তরিকতা ও আতিথেয়তা তাঁকে মুগ্ধ করেছে। অপরিচিত পথিক হয়েও স্থানীয় মানুষের কাছ থেকে খাবার ও আশ্রয় পেয়েছেন তিনি। অন্যদিকে নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, সুনামগঞ্জ ও সিলেটের সীমান্তবর্তী এলাকার হাওর ও প্রাকৃতিক সৌন্দর্য তাঁকে মুগ্ধ করেছে। তবে এসব এলাকার প্রান্তিক মানুষের দারিদ্র্য তাঁকে গভীরভাবে ভাবিয়েছে।
তাঁর এই পথচলা পুরোপুরি নির্বিঘ্ন ছিল না। মানিকগঞ্জ ও টাঙ্গাইলের সীমান্তবর্তী এলাকায় ছিনতাইকারীদের কবলেও পড়তে হয়েছিল তাঁকে। নানা প্রতিকূলতা ও বাধা পেরিয়ে শেষ পর্যন্ত নিজের লক্ষ্য পূরণ করেন খাইরুল।
মুক্তাগাছা উপজেলার ঈশ্বরগ্রামের এক নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান খাইরুল। বাবা প্রয়াত সমেদ আলী ও মা জরিনা বেগমের সংসারে আর্থিক অনটন ছিল নিত্যসঙ্গী। ছোটবেলা থেকেই সাইকেলের প্রতি প্রবল আগ্রহ থাকলেও পরিবারের অসচ্ছলতার কারণে সেই শখ পূরণের সামর্থ্য ছিল না। শহীদ স্মৃতি সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী খাইরুল টিউশনি করে অর্থ জমিয়ে ২০২২ সালে ছয় হাজার টাকায় নিজের স্বপ্নের সাইকেলটি কেনেন। সেই সাইকেল নিয়েই এখন দেশজুড়ে পরিচিতি পেয়েছেন তিনি।
এর আগেও সাইকেল নিয়ে বেশ কয়েকটি ব্যতিক্রমী অভিযান সম্পন্ন করেছেন খাইরুল। তাঁর অর্জনের তালিকায় রয়েছে হালুয়াঘাট থেকে কুয়াকাটা ভ্রমণ, রোজা রেখে টেকনাফ থেকে তেঁতুলিয়া পাড়ি, ৪৪ দিনে ৬৪ জেলা ভ্রমণ এবং ২৪ ঘণ্টায় ৩০০ কিলোমিটার সাইকেল চালানোর কৃতিত্ব।
খাইরুলের উদ্যোগে এলাকায় গড়ে উঠেছে ‘মুক্তাগাছা সাইক্লিস্ট’ নামের একটি সংগঠন। সংগঠনটি শত শত তরুণকে সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত জীবনযাপনে উদ্বুদ্ধ করছে।
সংগঠনটির নেতৃত্ব থাকা নূরে আলম মিঠু বলেন, খাইরুলের এই অর্জন স্থানীয় তরুণদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তাঁর সাফল্য অন্যদেরও ইতিবাচক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।
উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব জাহাঙ্গীর আলম সোহেলের মতে, খাইরুলের এই অভিযানের মধ্য দিয়ে সারা দেশে মুক্তাগাছা নতুন করে পরিচিতি পেয়েছে।
মুক্তাগাছার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণ চন্দ্র বলেন, সীমিত সামর্থ্য নিয়ে এত দীর্ঘ পথ পাড়ি দেওয়া সত্যিই প্রশংসনীয়। তাঁর এই অর্জন তরুণদের ইতিবাচক মানসিকতা গঠনে অনুপ্রেরণা জোগাবে।
মাত্র ছয় হাজার টাকায় কেনা একটি সাধারণ সাইকেল নিয়ে ১৪৮ দিনে দেশের ৬৪ জেলা ও ৫০৩টি উপজেলা ঘুরে এসেছেন খাইরুল। টিউশনি করে জমানো অর্থে কেনা সাইকেল আর অদম্য ইচ্ছাশক্তিকে সম্বল করে তাঁর এই অভিযান মুক্তাগাছার পাশাপাশি দেশের তরুণদের জন্যও অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে।
source: The Daily Campus