Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

কুমিল্লা-৪ আসনে বিপুল ভোটে বিজয়ী হাসনাত আবদুল্লাহ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক কমিটির (NCP) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বিশাল ব্যবধান গড়ে তুলে তিনি এই আসনে জয়ের মালা পরলেন।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, হাসনাত আবদুল্লাহ পেয়েছেন ১,৭২,০০০ ভোট। তাঁর একমাত্র উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিন (ট্রাক প্রতীক) পেয়েছেন মাত্র ২৬,০০০ ভোট।

এর আগে বিকেল ৫টার দিকে ভোট গণনার প্রাথমিক পর্যায়েই কেন্দ্র দখল ও এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন জসিম উদ্দিন। যদিও বিএনপি এই আসনে জসিম উদ্দিনকে সমর্থন জানিয়েছিল, তবে ভোটারদের রায়ে তার কোনো প্রতিফলন দেখা যায়নি। বিশেষ করে হাসনাত আবদুল্লাহর নিজ কেন্দ্র গোপাল নগরে তিনি ৩০৮৪ ভোট পেলেও জসিম উদ্দিন সেখানে একটি ভোটও পাননি।

উল্লেখ্য, এই আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপির দায়ে প্রার্থিতা হারানোয় লড়াইটি মূলত হাসনাত আবদুল্লাহ বনাম বাকিদের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে। আইনি লড়াই শেষে মুন্সী নির্বাচন থেকে ছিটকে পড়লে বিএনপি জোটগতভাবে জসিম উদ্দিনকে সমর্থন দেয়। কিন্তু শেষ পর্যন্ত ১ লাখ ৪৬ হাজার ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়ে চমক দেখালেন তরুণ তুর্কী হাসনাত আবদুল্লাহ।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্যমতে, সব কেন্দ্রের প্রাপ্ত ভোট গণনা শেষে এখন আনুষ্ঠানিক ঘোষণার প্রস্তুতি চলছে। দেবীদ্বারে হাসনাত আবদুল্লাহর এই বিজয়কে জেন-জি প্রজন্মের এবং নতুন রাজনৈতিক শক্তির বড় উত্থান হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Back to top button