Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগ করল বিএনপি

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে উপজেলা জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলা জামায়াতের আমির মাস্টার কবির হোসেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে জামায়াতে ইসলামী শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছে।

কিন্তু একটি বিশেষ দল পরিকল্পিতভাবে জামায়াতের কর্মীদের হুমকি, বাধা, ভীতি প্রদর্শন ও হামলা চালিয়ে যাচ্ছে যার কিছু ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি অভিযোগ করেন, সাতুরিয়া ইউনিয়নসহ কয়েকটি এলাকায় চিহ্নিত মাদকসেবী ও অস্ত্রধারী সন্ত্রাসী গোষ্ঠী বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম জামালের ছত্রছায়ায় নির্বাচন ভণ্ডুল করার লক্ষ্যে সাধারণ ভোটার ও ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের কর্মীদের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার গভীর রাতে দীর্ঘদিনের পুরোনো জামায়াত কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে বলে দাবি করা হয়।

ঘটনার পর জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা বিষয়টি প্রশাসনকে অবহিত করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা শনাক্ত করা যায়নি। জামায়াত নেতারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগ অস্বীকার করে রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, জামায়াতের লোকেরাই নিজেরা আগুন দিয়ে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে। বিএনপি একটি বড় রাজনৈতিক দল-এ ধরনের কাজে জড়িত থাকার প্রশ্নই আসে না।

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: npbnews.com

Back to top button