Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

জামায়াতকে ভোট দিলে এলাকাছাড়া করার হুমকি দিলেন বিএনপি নেতা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

নোয়াখালী-৩ আসনের বেগমগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থীকে ভোট দিলে তাদের চিহ্নিত করে এলাকাছাড়া করার হুমকির অভিযোগ উঠেছে মির জুমলা মিঠু নামের এক বিএনপি নেতা বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মিঠুকে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। আসনটিতে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এদের মধ্যে ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন। বিএনপির প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

মঙ্গলবার রাতে বেগমগঞ্জ উপজেলার বিচারিক কমিটির সিভিল জজ নিশি আক্তার শোকজের বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, নোয়াখালী-৩ আসনের বিএনপির প্রার্থী বরকত উল্লাহ বুলুর পক্ষে ভোট করছেন মির জুমলা মিঠু। তিনি বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক, আলাইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। আলাইয়ারপুর ইউনিয়নের একটি উঠান বৈঠকে দেওয়া তার একটি বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়েছে।

ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‌‘মনে রাখবেন, যারা স্থানীয় জামায়াতের ভোট করে তাদের চিহ্নিত করে রাখবেন। আমরা তাদের থেকে জবাব আদায় করে ছাড়বো। আমরা তাদেরকে এলাকায় থাকতে দেবো না—এইটা হলো আমাদের সাফ কথা। এই বক্তব্য অনেকে রেকর্ড করলেও কিছু যায় আসে না।’

পরে বিষয়টি জানার পর বেগমগঞ্জ নির্বাচনি অনুসন্ধান কমিটি মির জুমলা মিঠুকে শোকজ করেন। মঙ্গলবার ওই শোকজের জবাব দিয়েছেন অভিযুক্ত বিএনপি নেতা মিঠু।

বিষয়টি নিশ্চিত করে বিচারিক কমিটির সিভিল জজ নিশি আক্তার জানান, ‘অভিযুক্ত বিএনপি নেতা শোকজের জবাব দিয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) অভিযোগকারীদের পক্ষের সাক্ষীদের ডাকা হয়েছে। এরপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ বিষয়ে জানতে বিএনপি নেতা মির জুমলা মিঠুকে বারবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। পরে খুদেবার্তা পাঠালেও তিনি তার কোনো উত্তর দেননি।

তবে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস ভিডিওর কণ্ঠ বিএনপি নেতা মির জুমলা মিঠুর বলে নিশ্চিত করেন। তিনি দাবি করেন, জামায়াতের বাহিরাগত লোকজন এলাকায় গিয়ে মারামারি করে। তাদেরকে চিহ্নিত করে রাখতে বলেছেন মির জুমলা মিঠু।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: npbnews.com

Back to top button