সর্বশেষ

দাবি না মানলে মোদির পদত্যাগের দাবি উঠবে, হুমকি সিজেপি প্রধানের

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনকে আরও জোরালো করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। বৃহস্পতিবার (২৩ জুলাই) জন্তরমন্তরে আয়োজিত সমাবেশে তিনি বলেন, অবিলম্বে অযোগ্য শিক্ষামন্ত্রীকে সরানো না হলে তরুণ সমাজ এবার খোদ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি তুলবে। একজন অযোগ্য মন্ত্রীকে কোটি কোটি শিক্ষার্থীর জীবনের চেয়ে বেশি গুরুত্ব দিলে ভবিষ্যতে মানুষ মোদীকে আর ভোট দেবে না বলেও সতর্ক করেন তিনি।

সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করে অভিজিৎ বলেন, বিক্ষোভ দমন করতে ব্যারিকেড ও জ্যামার বসানোর পেছনে সরকার যে শক্তি ও অর্থ খরচ করেছে, তা যদি প্রশ্নপত্র ফাঁস বন্ধে ব্যবহার করা হতো, তবে অন্তত ২২ জন শিক্ষার্থীর প্রাণ বাঁচানো সম্ভব হতো। আন্দোলন শুরুর এত দিন পর এ বিষয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য করা এবং বিতর্কিত মন্ত্রীকে রক্ষা করার চেষ্টাকে অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করেন তিনি।

এই আন্দোলনের সমর্থনে এগিয়ে এসেছেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। সিজেপির এই আন্দোলনকে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের পাশাপাশি ভারতের সংবিধান ও গণতন্ত্র রক্ষার লড়াই হিসেবে অভিহিত করেছেন তিনি।

এদিকে পরিস্থিতি বিবেচনায় সিজেপির নেতাদের সঙ্গে আলোচনায় বসতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ও বিজেপি সভাপতি জেপি নাড্ডা। তবে তাঁরা মন্ত্রীভবন বা সরকারি কার্যালয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন। সিজেপি মুখপাত্র আশুতোষ রাঙ্কা সরকারের এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে স্পষ্ট জানিয়েছেন, যেকোনো আলোচনা জন্তরমন্তর বা কোনো নিরপেক্ষ স্থানে হতে হবে। একই সঙ্গে মূল দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় ঘোষণা দিয়েছে সংগঠনটি।

source: Azadir Dak

Back to top button