ট্রাম্পের আলটিমেটামের পর ইসরায়েল-কুয়েতে হামলা ইরানের

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটামের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। স্থানীয় সময় রোববার (৫ এপ্রিল) ভোরে ইসরায়েল ও কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলা ঘিরে দুই দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে পড়ে এবং তারা পাল্টা প্রতিরোধের চেষ্টা চালায়।
হামলার একদিন আগে ট্রাম্প ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ার করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সমাধান না হলে দেশটির ওপর ভয়াবহ পরিণতি নেমে আসবে। তার এই বক্তব্যের পরই পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।
ইসরায়েল ও কুয়েতের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের হামলার জবাবে সক্রিয়ভাবে কাজ করছে। তবে হামলায় কোনো বড় ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে সামরিক অভিযান শুরু করে। এর পর থেকেই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। এই সংঘাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ একাধিক উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তার মৃত্যুর খবরও পাওয়া গেছে।
চলমান সংঘাত এক মাসের বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে, যা বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি করেছে। বিশেষ করে জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালির ওপর ইরান কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখছে, যা আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব ফেলছে।
ইরান দাবি করছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুক্ত অর্থনৈতিক ও সামরিক লক্ষ্যবস্তুতে তারা হামলা চালাচ্ছে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থানে পাল্টা প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে।
অন্যদিকে, ইরানের খুজেস্তান প্রদেশে একটি পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্রে হামলার ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। তাদের দাবি, এই হামলার পেছনে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকতে পারে।
এদিকে, ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আবারও ইরানকে সতর্ক করেন। তিনি বলেন, ইরানকে দেওয়া সময় দ্রুত ফুরিয়ে আসছে এবং নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে কঠোর পরিণতি ভোগ করতে হবে।
তবে ট্রাম্পের এই হুমকি প্রত্যাখ্যান করেছে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড। জেনারেল আলী আবদোল্লাহি আলিয়াবাদি একে ‘অসহায়, আতঙ্কিত ও বিবেচনাহীন’ পদক্ষেপ হিসেবে অভিহিত করে বলেন, এর জবাব কঠোর হবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘নরকের দরজা আপনার জন্য খুলে যাবে।’
ট্রাম্প পরে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে রাতের আকাশে বিস্ফোরণের দৃশ্য দেখা যায় এবং দাবি করা হয় ইরানে হামলার সময় এটি ধারণ করা হয়েছে। তবে ওই ভিডিওটি কবে ও কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দেননি তিনি।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: banglamagazinenews.com

